জাতীয় মৎস্য পক্ষ ও প্রযুক্তিভিত্তিক উৎপাদন
দেশি মাছ সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে যবিপ্রবি উপাচার্যের আহ্বান
- যবিপ্রবিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও গবেষণা পুকুরে পোনা অবমুক্তকরণের মাধ্যমে মৎস্য পক্ষ পালিত।
- আমিষের চাহিদা পূরণ ও রপ্তানি বাড়াতে মাছের অভয়াশ্রম এবং আধুনিক জৈবপ্রযুক্তির তাগিদ।
- দেশীয় প্রজাতির মাছের নিরাপদ প্রজনন ও টেকসই মৎস্য চাষের আধুনিকায়নে জোর।
দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, অভয়াশ্রম তৈরি এবং মৎস্য উৎপাদনে উন্নত প্রযুক্তি ও বায়োসায়েন্স ব্যবহারের তাগিদ দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) 'জাতীয় মৎস্য পক্ষ-২০২৬' উদযাপিত হয়েছে। ২৫ আগস্ট, মঙ্গলবার “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গবেষণা পুকুর সংলগ্ন এলাকায় শেষ হয়। এরপর উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর এবং উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বিশ্ববিদ্যালয়ের গবেষণা পুকুরে বিভিন্ন উন্নত জাতের মাছের পোনা অবমুক্ত করেন।
পোনা অবমুক্তকরণ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "দেশে বর্তমানে দেশীয় মাছের উৎপাদন কমতে শুরু করেছে। আধুনিক মৎস্যবিজ্ঞান ও প্রজনন প্রযুক্তির মাধ্যমে এই উৎপাদন কীভাবে বৃদ্ধি করা যায়, তরুণ গবেষকদের সে পদক্ষেপ নিতে হবে। প্রযুক্তিভিত্তিক অভয়াশ্রম ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি প্রান্তিক চাষিদের সচেতন করতে হবে। নিরাপদ উৎপাদন বৃদ্ধি ও ইলিশসহ দেশি প্রজাতি সংরক্ষণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ করতে পারলে আমিষের চাহিদা পূরণের পাশাপাশি মাছ রপ্তানি করে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে।"
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, "মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে মৎস্য খাতের আধুনিকায়ন ও টেকসই বৈজ্ঞানিক পদ্ধতির বিকাশ জরুরি।"
সভাপতির বক্তব্যে এফএমবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুর রহমান আধুনিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে পুষ্টিসমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে এফএমবি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. সুব্রত মন্ডল, অধ্যাপক ড. মঞ্জুরুল হক, অধ্যাপক ড. মীর মোশাররফ হোসেন সহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।
//ডিবিটেক/এনএইচপি/এসএমই//





