নেট মিটারিং ও হাইব্রিড প্রযুক্তিতে বিদ্যুৎ সাশ্রয়ের ঘোষণা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
সরকারি ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর উদ্যোগ
- মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি ভবনের ছাদে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের সিদ্ধান্ত।
- অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দিতে নেট মিটারিং ও হাইব্রিড সৌর ইঞ্জিনিয়ারিং সিস্টেম ব্যবহারের পরিকল্পনা।
- বেসরকারি খাতের কারিগরি দক্ষতায় ইউনিয়ন পর্যায় পর্যন্ত নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের উদ্যোগ।
বিদ্যুৎ অপচয় রোধ ও পরিবেশবান্ধব জ্বালানি অবকাঠামো নিশ্চিত করতে স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন সকল সরকারি অফিস ভবনের ছাদে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ২৫ আগস্ট, ২০২৬ মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত দুটি পৃথক নীতি-নির্ধারণী সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি অফিসগুলোতেও ধাপে ধাপে সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণ করা হবে। সৌর প্যানেল স্থাপনের ক্ষেত্রে আধুনিক 'নেট মিটারিং' ও 'হাইব্রিড সিস্টেম' প্রযুক্তি ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এর ফলে দিনের বেলায় উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে এবং স্টোরেজ সুবিধার মাধ্যমে সন্ধ্যার পরও সৌরশক্তি ব্যবহারের সুযোগ তৈরি হবে। এ প্রকৌশল কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় সরকারি আর্থিক বরাদ্দের বিষয়টি বিবেচনাধীন রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, সৌরবিদ্যুৎ সম্প্রসারণে বেসরকারি খাতের কারিগরি অভিজ্ঞতা কাজে লাগাতে ওয়ালটন, প্রাণ-আরএফএল এবং গ্রামীণ শক্তির মতো প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হবে। সরকারি ব্যয় সাশ্রয় ও টেকসই জ্বালানি নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ কার্যক্রমের অগ্রগতি নিয়মিত তদারকি করা হচ্ছে।
গত ১০ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এবং ১৭ আগস্ট অনুষ্ঠিত সভার সিদ্ধান্তে গঠিত দুটি অতিরিক্ত সচিব পর্যায়ের কমিটি ইতোমধ্যে সৌর প্যানেল স্থাপনের উপযোগী ছাদের ক্ষেত্রফল, সম্ভাব্য ব্যয় ও প্রকৌশলগত চ্যালেঞ্জ চিহ্নিত করেছে।
সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রফিকুল ই মোহামেদ, সংশ্লিষ্ট দফতর ও সংস্থার প্রধানগণ এবং ওয়ালটন, প্রাণ-আরএফএল ও গ্রামীণ শক্তির প্রযুক্তি বিশেষজ্ঞ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/ আরএমসিপি/এসএমই//





