অ্যাপ স্টোরের বাইরে কেনাকাটায় ৫ থেকে ১৫ শতাংশ কমিশন চায় অ্যাপল  

অ্যাপ স্টোরের বাইরে কেনাকাটায় ৫ থেকে ১৫ শতাংশ কমিশন চায় অ্যাপল  
১৫ আগষ্ট, ২০২৬ ০৯:৫৫  

অ্যাপ স্টোরের বাইরে থার্ড পার্টি বা নিজস্ব প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাপের সেবা ও পণ্য বিক্রির ওপর ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত কমিশন আদায়ের নতুন প্রস্তাব দিয়েছে অ্যাপল। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি মার্কিন আদালতে এই প্রস্তাব জমা দিয়েছে। জনপ্রিয় গেম ফোর্টনাইটের নির্মাতা প্রতিষ্ঠান এপিক গেমসের সঙ্গে চলমান দীর্ঘ আইনি লড়াইয়ের অংশ হিসেবেই অ্যাপল এই পদক্ষেপ নিল।

অ্যাপলের দেওয়া প্রস্তাব অনুযায়ী, যেসব অ্যাপ অ্যাপ স্টোরের ভেতরের কেনাকাটার জন্য সাধারণত ৩০ শতাংশ কমিশন দিয়ে থাকে, সেগুলোকে বাইরের পেমেন্ট লিংকের ক্ষেত্রে ১৫ শতাংশ কমিশন দিতে হবে। এ ছাড়া অ্যাপলের নিউজ পার্টনার, ভিডিও পার্টনার, মিনি অ্যাপস পার্টনার প্রোগ্রাম এবং সাবস্ক্রিপশন নবায়নের ক্ষেত্রে ১০ শতাংশ কমিশন নেওয়ার কথা বলা হয়েছে। 

আর স্মল বিজনেস প্রোগ্রামের আওতায় থাকা ক্ষুদ্র ডেভেলপারদের ক্ষেত্রে কমিশন নির্ধারণ করা হয়েছে ৫ শতাংশ। অ্যাপল জানিয়েছে, তাদের প্ল্যাটফর্ম ব্যবহারকারী সিংহভাগ ডেভেলপারই এই ক্ষুদ্র ব্যবসার ছাড় পাওয়ার যোগ্য।  

অ্যাপল ও এপিকের লড়াই
অ্যাপল ও এপিক গেমসের মধ্যকার এই আইনি দ্বন্দ্বের সূত্রপাত ঘটে ২০২০ সালে। পরবর্তী সময়ে ২০২১ সালে এক আদেশে মার্কিন জেলা আদালতের বিচারক ইভন গনজালেস রজার্স নির্দেশ দেন যে, অ্যাপলকে তাদের প্ল্যাটফর্মে অ্যাপের ভেতরে বাহ্যিক বা থার্ড পার্টি পেমেন্ট লিংকের সুযোগ দিতে হবে, যাতে ডেভেলপারদের বাধ্যতামূলক ৩০ শতাংশ কমিশন না দিতে হয়। তবে অ্যাপল এর পরও ১২ থেকে ২৭ শতাংশ ফি দাবি করলে এপিক গেমস আদালত অবমাননার অভিযোগ আনে।  

পরবর্তী সময়ে আপিল আদালত বিচারকের আগের সিদ্ধান্ত বহাল রাখলেও বহিরাগত পেমেন্ট থেকে কোনো ফি না নেওয়ার নির্দেশটি বাতিল করেন। ফলে এবার নতুন করে আদালতকে নির্ধারণ করতে হচ্ছে এক্সটার্নাল পেমেন্টের ক্ষেত্রে অ্যাপলের কত শতাংশ কমিশন নেওয়া যুক্তিসংগত হবে। যদিও এপিক গেমস অ্যাপলের নতুন এই প্রস্তাব প্রত্যাখান করেছে।  

গুগলের ওপরও আদালতের কড়াকড়ি  
একই সময়ে এপিক গেমসের সঙ্গে সমান্তরাল আইনি লড়াইয়ে রয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগলও। প্রতিষ্ঠানটি গত জুনে প্লে স্টোরে বহিরাগত বিলিং ব্যবস্থা চালু করে এবং কমিশন কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনে। এরপর জুলাইয়ে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে থার্ড পার্টি বা বিকল্প অ্যাপ স্টোর ব্যবহারের সুযোগও দেওয়া হয়। 

তবে সম্প্রতি আদালতে এপিক গেমস অভিযোগ তুলে ধরে যে, গুগলের অ্যান্ড্রয়েড সিস্টেমে অন্য কোনো অ্যাপ স্টোর ইনস্টল করার প্রক্রিয়াকে বেশ জটিল করে রাখা হয়েছে। আদালত বিষয়টি আমলে নিয়ে গুগলকে এই বাধা ও কড়াকড়ি দূর করার নির্দেশ দিয়েছেন।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: এনগ্যাজেট