সনির মুনাফা পূর্বাভাস ৮ শতাংশ বৃদ্ধি

সনির মুনাফা পূর্বাভাস ৮ শতাংশ বৃদ্ধি
১১ নভেম্বর, ২০২৫ ১৯:৪৮  

জাপানের প্রযুক্তি ও বিনোদন প্রতিষ্ঠান সনি চলতি অর্থবছরের মুনাফা পূর্বাভাস ৮ শতাংশ বাড়িয়ে ১.৪৩ ট্রিলিয়ন ইয়েন (প্রায় ৯.৪৮ বিলিয়ন মার্কিন ডলার) নির্ধারণ করেছে। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব প্রত্যাশার তুলনায় কম হওয়া এবং অ্যানিমে ও সেমিকন্ডাক্টর ব্যবসায় প্রবৃদ্ধিই এই বৃদ্ধির মূল কারণ। খবর রয়টার্স।

জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে সনির কার্যকরী মুনাফা ১০ শতাংশ বেড়ে ৪২৯ বিলিয়ন ইয়েনে দাঁড়িয়েছে। এর মধ্যে মিউজিক ও অ্যানিমেশন বিভাগ, বিশেষ করে জনপ্রিয় অ্যানিমে চলচ্চিত্র ‘ডেমন স্লেয়ার: কিমেটসু নো ইয়াইবা ইনফিনিটি ক্যাসেল’ উল্লেখযোগ্য অবদান রেখেছে।

একসময় গৃহস্থালি ইলেকট্রনিক পণ্যের জন্য পরিচিত সনি এখন মূলত বিনোদন খাতে একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে অবস্থান করছে।

তবে গেম বিভাগে মুনাফা কিছুটা কমেছে, কারণ কোম্পানি ‘ডেস্টিনি ২’ গেম সম্পর্কিত ক্ষতির হিসাব অন্তর্ভুক্ত করেছে। এ সময়ে ৩.৯ মিলিয়ন প্লেস্টেশন ৫ বিক্রি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় সামান্য বেশি।

ডিবিটেক/বিএমটি