এআই কনটেন্ট থেকে ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিচ্ছে গুগল

এআই কনটেন্ট থেকে ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিচ্ছে গুগল
১৫ আগষ্ট, ২০২৬ ১৬:৫৭  
১৫ আগষ্ট, ২০২৬ ০০:০৯  

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও ও গানের ওপর থেকে দৃশ্যমান ওয়াটারমার্ক বা জলছাপ সরিয়ে নেওয়ার সুবিধা চালু করতে যাচ্ছে গুগল। ডিজিটাল উপায়ে তৈরি ছবি বা ভিডিওর দৃশ্যমান নান্দনিকতা বজায় রেখে পেশাদার কাজে ব্যবহারের সুবিধার্থেই এই পদক্ষেপ নিয়েছে প্রযুক্তি জায়ান্টটি। শুক্রবার এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, দৃশ্যমান ওয়াটারমার্ক সরানোর সুযোগ দেওয়া হলেও কনটেন্টের ভেতরে লুকিয়ে থাকা মূল ডিজিটাল নিরাপত্তা বা ট্র্যাকিং ব্যবস্থা পুরোপুরি বহাল থাকবে। 

গুগলের জেমিনি বিভাগের ভাইস প্রেসিডেন্ট জশ উডওয়ার্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, গুগলের ন্যানো ব্যানানা, ওমনি এবং লিরিয়া মডেলের তৈরি কনটেন্টে এই নতুন সুবিধাটি পাওয়া যাবে। ব্যবহারকারীরা জেমিনি অ্যাপ এবং গুগলের ভিডিও এডিটর ‘ফ্লো’ থেকে দৃশ্যমান ওয়াটারমার্ক বন্ধ বা চালু করার সুযোগ পাবেন। খুব শিগগিরই গুগলের সার্চ পরিকাঠামোতেও এই সুবিধা যুক্ত করা হবে।

পেশাদার কাজের সুবিধার্থে পরিবর্তন
সৃজনশীল বা পেশাদার কাজের ক্ষেত্রে দৃশ্যমান ওয়াটারমার্ক অনেক সময় কনটেন্টের উপযোগিতা ও আকর্ষণ কমিয়ে দেয়। তবে একই সঙ্গে কনটেন্টটি যে এআই দিয়ে তৈরি, তা চেনার প্রয়োজনীয়তাও আধুনিক প্রযুক্তির সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে জশ উডওয়ার্ড জানান, গুগল এখানে ব্যবহারকারীর সৃজনশীল স্বাধীনতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সুরক্ষার মধ্যে একটি সুষম ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে।

দৃশ্যমান জলছাপটি এখন ঐচ্ছিক হলেও জেমিনির তৈরি কনটেন্টের গভীরে লুকানো ‘সিন্থআইডি’ ওয়াটারমার্ক এবং ‘সিটুপিএ’ নামের আন্তর্জাতিক মানদণ্ডের মেটাডাটা অপরিবর্তিত থাকবে। ফলে দৃশ্যমান চিহ্ন না থাকলেও কোনো ছবি বা ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কি না, তা জেমিনি বা গুগল সার্চের মাধ্যমে অনায়াসেই যাচাই করা সম্ভব হবে। 

সহজেই বন্ধ করা যাবে জলছাপ
আগামী কিছুদিনের মধ্যেই নতুন এই ফিচারটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। ব্যবহারকারীরা অ্যাপের ‘সেটিংস’ অপশনে গিয়ে ‘মিডিয়া ওয়াটারমার্ক’ নির্বাচনের মাধ্যমে এটি সহজে চালু বা বন্ধ করতে পারবেন। একই সঙ্গে ডেভেলপাররা যাতে তাঁদের নিজস্ব অ্যাপে স্থানীয়ভাবে কনটেন্ট যাচাইকরণ ব্যবস্থা যুক্ত করতে পারেন, সে জন্য ‘ক্রেডেন্টিও’ নামের একটি নতুন ওপেন সোর্স লাইব্রেরিও উন্মুক্ত করেছে গুগল।

উল্লেখ্য, সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের কৃত্রিম বুদ্ধিমত্তাসংক্রান্ত নীতিমালা মেনে চলার জন্য প্রখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক তাদের ‘ক্লদ’ মডেলের তৈরি লেখা ও ফাইলে জলছাপ যুক্ত করার সিদ্ধান্ত নেয়। এই বিতর্কিত পদক্ষেপের পরপরই গুগল তাদের নীতিতে এমন নমনীয়তা আনল, যেখানে ব্যবহারকারীরা দৃশ্যমান চিহ্ন সরানোর স্বাধীনতা পেলেও ব্যাকগ্রাউন্ডের ডিজিটাল সুরক্ষাবলয় ঠিকই সক্রিয় থাকবে।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: টেকক্রাঞ্চ