লাল-সবুজ সাংস্কৃতিক একাডেমীর বর্ষবরণ অনুষ্ঠানে মন্ত্রী ফকির মাহনবুব আনাম

প্রযুক্তি ও সংস্কৃতির সমন্বয়ের আহ্বান

  • দেশ গঠনে প্রযুক্তি ও সংস্কৃতির মেলবন্ধনে মানবিক ও মননশীল সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী ফকির মাহবুব আনাম
    প্রযুক্তি ও সংস্কৃতির সমন্বয়ের আহ্বান
    ১৪ আগষ্ট, ২০২৬ ২১:১৯  

    ঢাকা: ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার।

    দেশ গঠনে সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বয়ে এক মননশীল ও মানবিক সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

    ১৪ আগস্ট, শুক্রবার সন্ধ্যায় ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে 'গ্ল্যামার মিডিয়া ইভেন্ট ম্যানেজমেন্ট' আয়োজিত এবং লাল-সবুজ সাংস্কৃতিক একাডেমী কর্তৃক অনুষ্ঠিত "বর্ষ বরণ, গুণীজন সংবর্ধনা, আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে" প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    মন্ত্রী বলেন, "শুধুমাত্র অর্থনৈতিক অগ্রগতি দিয়ে দেশের প্রকৃত উন্নয়ন পরিমাপ করা সম্ভব নয়। মানুষের মননশীলতা, সুসংহত নীতি-নৈতিকতা এবং সামাজিক দায়িত্ববোধই টেকসই উন্নয়নের প্রকৃত মাপকাঠি।" তিনি উল্লেখ করেন, অনলাইন শিক্ষা, টেলিমেডিসিন ও মোবাইল ব্যাংকিংয়ের মতো ডিজিটাল সেবা মানুষের জীবনযাত্রা সহজ করলেও নৈতিকতা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে মানবিক সমাজ গড়ে তোলা জরুরি। সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রচার রোধে সাংস্কৃতিক কর্মীদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে ইতিবাচক বার্তা ছড়ানোর কাজে ব্যবহারের আহ্বান জানান তিনি।

    উপস্থিত তরুণদের উদ্দেশ্যে ফকির মাহবুব আনাম বলেন, "সংস্কৃতি তোমাদের আবেগের স্থিতিস্থাপকতা তৈরি করবে, তোমাদের ধৈর্যশীল ও সৃজনশীল করে তুলবে।" তিনি আরও জানান, বর্তমান সরকারের ছয় মাসের মেয়াদে তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে, যার অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তরুণ উদ্ভাবকদের জন্য এবারের বাজেটে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড রাখা হয়েছে। মন্ত্রী "কেউ পিছিয়ে থাকবে না" (No One Left Behind) নীতি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

    বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন। তিনি বলেন, "ছেলেমেয়েদের নিরাপত্তার কথা বলে তাদের ঘরের মধ্যে আবদ্ধ করে রাখার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে এবং তরুণদের সংস্কৃতি চর্চায় উৎসাহিত করতে হবে।"

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা রেঞ্জের ডিআইজি ইকবাল হোসেন, এম্পোরিয়াম প্রপার্টিজ-এর চেয়ারম্যান মোঃ আরফাতুর রহমান আপেল, এটিএন বাংলার উপদেষ্টা তাসিক আহমেদ, লাল-সবুজ সাংস্কৃতিক একাডেমীর সভাপতি সাহিদা আক্তার রেশমা এবং গ্ল্যামার মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক মাহাবুবুল হক বক্তব্য রাখেন। আলোচনা শেষে গ্ল্যামার মিডিয়ার সংগীত শিল্পী ও বিভিন্ন ক্ষেত্রের নীরবে কাজ করে যাওয়া গুণীজনদের সংবর্ধনা স্মারক ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
    //ডিবিটেক/ এমএনএএম/ এমআইএস//