অক্টোবরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পূর্ণাঙ্গ ডেটাবেজ জরিপ
- দেশে প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারভিত্তিক পূর্ণাঙ্গ তথ্য ও ডেটাবেজ
- ১ থেকে ২৫ অক্টোবর ৩ হাজার কর্মীর মাধ্যমে সারাদেশে তথ্য সংগ্রহ
- সঠিক তথ্য ও ডাটার ভিত্তিতে সমন্বিত উন্নয়ন ও সামাজিক সুরক্ষা
ঢাকা: ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার।
দেশে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা নিরূপণ এবং দারিদ্র্যের হার চিহ্নিত করতে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ ডেটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় পরিবারভিত্তিক যাবতীয় তথ্য সংগ্রহ করতে 'ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপ-২০২৬' পরিচালনা করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। আগামী ১ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে এই তথ্য সংগ্রহ অভিযান চালানো হবে।
১৩ আগস্ট, বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত 'ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপ-২০২৬' শীর্ষক অংশীজন পরামর্শ কর্মশালায় এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়, এই স্বাধীন ও দেশব্যাপী বিশেষ জরিপের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য একটি নির্ভরযোগ্য ও সার্বিক ডেটাবেজ তৈরি করা সম্ভব হবে, যা ভবিষ্যতে সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সহায়ক হবে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, "সরকার চায় কাউকেই পেছনে না ফেলতে। দেশের সমন্বিত উন্নয়ন করতে হলে সব শ্রেণি, পেশা ও জাতিগোষ্ঠীর মানুষের উন্নয়ন করতে হবে। সেজন্য সঠিক তথ্য দরকার। যদি পরিসংখ্যান হাতে না থাকে তাহলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য পলিসি নেওয়াটা কঠিন হবে। এসব চিন্তা করে জরিপটি করার উদ্যোগ নেওয়া হয়েছে।" তিনি আরও যুক্ত করে বলেন, "সরকার চায় সব বিষয়েই প্রকৃত তথ্য উঠে আসুক। তথ্য সঠিক না হলে পরিকল্পনাও সঠিক হবে না।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার। তিনি বলেন, "জরিপটি দেশের প্রথম নৃগোষ্ঠী জরিপ হবে। এর মাধ্যমে একদিকে যেমন তাদের আর্থসামাজিক অবস্থাসহ বিস্তারিত তথ্য জানা যাবে, তেমনই অন্যদিকে সঠিক উন্নয়ন পরিকল্পনা তৈরিতে অবদান রাখবে।"
বিশেষ অতিথির বক্তব্যে বিবিএসের মহাপরিচালক মো. শামীমুল হক বলেন, "এই জরিপের তথ্য সংগ্রহের ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। ফলে স্থানীয় প্রশাসনসহ সবার সার্বিক সহযোগিতা দরকার। এ ধরনের বিশেষ জরিপের উপাত্ত নীতিনির্ধারক ও মাঠপর্যায়ে সরকার ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রোগ্রামের সেবাগুলো নির্বিঘ্নে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের কাছে পৌঁছাতে সহায়ক হবে।"
কর্মশালায় মূল নিবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের পরিচালক ফারহানা সুলতানা। তিনি জানান, তথ্য সংগ্রহের জন্য মাঠপর্যায়ে কাজ করবেন প্রায় ৩ হাজার কর্মী। তথ্য সংগ্রহকারীরা প্রধানত পরিবার শনাক্তকরণ, খানার বৈশিষ্ট্য, সদস্যদের শিক্ষা ও প্রশিক্ষণ, অর্থনৈতিক কর্মকাণ্ড, বাইরে বা বিদেশে অবস্থানকারী সদস্যদের তথ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, জাতীয় পরিচয়পত্র, বৈবাহিক অবস্থা, জন্মসনদ, ধর্মীয় পরিচয়, ব্যাংক অ্যাকাউন্ট ও রেমিট্যান্স সংক্রান্ত তথ্য সংগ্রহ করবেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিবিএসের জাতীয় হিসাব উইংয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাবুদ্দিন সরকার। এতে বিভিন্ন মন্ত্রণালয়, ক্ষুদ্র নৃগোষ্ঠী সংগঠন, উন্নয়ন সহযোগী, জাতিসংঘ সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের প্রদত্ত সুপারিশসমূহ চূড়ান্ত প্রশ্নমালা ও মাঠপর্যায়ের কৌশলমালায় অন্তর্ভুক্ত করা হবে বলে বিবিএস নিশ্চিত করেছে।
//ডিবিটেক/জেইউপিএম/এমএসআই//





