আরো ১২ জেলায় ই-বেইল বন্ড সিস্টেম

  • নতুন ১২ জেলা সহ মোট ২৮ জেলায় ই-বেইল সুবিধা চালু
  • ১২ ধাপের পরিপূরক মাত্র দুই ধাপে দ্রুত বেইল দাখিল
  • ডিজিটাল বিচারব্যবস্থায় বাড়বে স্বচ্ছতা, কমবে বিচারপ্রার্থীদের দীর্ঘ ভোগান্তি

আরো ১২ জেলায় ই-বেইল বন্ড সিস্টেম
১৩ আগষ্ট, ২০২৬ ১৪:১৬  

স্মার্টফোনভিত্তিক ডিজিটাল ই-বেইল বন্ড (E-Bail Bond) সিস্টেম চালুর মাধ্যমে জামিন প্রক্রিয়ার ১২টি ধাপকে মাত্র দুই ধাপে নামিয়ে এনে দেশের বিচারব্যবস্থায় ডিজিটালাইজেশন সম্প্রসারণ করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

১৩ আগস্ট, (বৃহস্পতিবার) জামিনপ্রাপ্ত আসামি ও তাঁদের স্বজনদের আদালত ও কারাগারে বারবার যাতায়াতের ভোগান্তি কমাতে দেশের আরও ১২টি জেলায় অনলাইন ই-বেইল বন্ড সিস্টেম চালু করেছে সরকার। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান আজ সকালে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নতুন এ অনলাইন বিচারিক সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এর ফলে দেশে বর্তমানে মোট ২৮টি জেলায় ই-বেইল বন্ড ডিজিটাল সেবা বিস্তৃত হলো।

নতুন যুক্ত হওয়া ১২টি জেলা হলো— টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও এবং জামালপুর।

আইনমন্ত্রী বলেন, “প্রচলিত পদ্ধতিতে একটি বেইল বন্ড সম্পন্ন করতে ১২টি ধারাবাহিক ধাপ পেরোতে হতো, তবে ডিজিটাল ই-বেইল বন্ড ব্যবস্থায় তা মাত্র দুই ধাপে সম্পন্ন করা সম্ভব। এর ফলে আইনজীবীরা তাঁদের চেম্বার বা যেকোনো স্থান থেকে স্মার্টফোনের সাহায্যে সরাসরি বেইল বন্ড দাখিল করতে পারবেন এবং ওটিপির (OTP) মাধ্যমে তাত্ক্ষণিকভাবে নিশ্চিতকরণ বার্তা পাবেন।”

আইনমন্ত্রী আরও জানান, পূর্বে পরীক্ষামূলকভাবে চালুকৃত ১৬টি জেলায় গত কয়েক মাসে প্রায় ১ লাখ ২০ হাজার ই-বেইল বন্ড সফলভাবে অনলাইনে দাখিল করা হয়েছে, যা এই প্রযুক্তির দক্ষতা ও দ্রুততার প্রমাণ দেয়। এই ব্যবস্থার মাধ্যমে কারাগার, ম্যাজিস্ট্রেট আদালত এবং জেলা জজ আদালতে জামিনপ্রার্থীদের সশরীরে যাতায়াতের ভোগান্তি কমার পাশাপাশি পুরো বিচারিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি পাবে।

সরকার বিচারব্যবস্থাকে আরও জনবান্ধব করতে ই-বেইল বন্ডের পাশাপাশি বিকল্প বিরোধ নিষ্পত্তি (মেডিয়েশন) ও সরকারি আইনি সহায়তা (লিগ্যাল এইড) কার্যক্রমে বিশেষ গুরুত্ব দিচ্ছে। আগামী এক বছরের মধ্যে মামলা জট হ্রাস এবং দ্রুত নিষ্পত্তিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী জেলাগুলোকে পুরস্কৃত করার পরিকল্পনার কথা জানান মন্ত্রী। অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস, অতিরিক্ত সচিব এসএম এরশাদুল আলম এবং বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মনজুরুল হোসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/কেকে/এমআইএস//