অ্যাপে ও হট লাইনে ভোটার নম্বর পাবেন শেরপুর-৩ ও বগুড়া-৬ এর ভোটার

অ্যাপে ও হট লাইনে ভোটার নম্বর পাবেন শেরপুর-৩ ও বগুড়া-৬ এর ভোটার
৯ এপ্রিল, ২০২৬ ০০:০০  

প্রার্থীর মৃত্যুতে স্থগিত ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন ও  প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হচ্ছে ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। পোস্টাল ব্যালট থাকলেও সংসদ নির্বাচনের সময় গণভোটে ‘হ্যাঁ’ জয় হওয়ায় শেরপুর-৩ আসনে আর এ ভোটের প্রয়োজন হচ্ছে না বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

এদিকে ভোট সামনে রেখে ভোটারদের সুবিধার্থে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য দুটি সহজ পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন। মোবাইল অ্যাপ ও হটলাইন সেবার মাধ্যমে ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে নিজেদের ভোটার নম্বর, কেন্দ্রের নাম ও ঠিকানা জানতে পারবেন বলে জানিয়েছে সংস্থাটি।

এক্ষেত্রে  স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপের মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন ভোটাররা। এজন্য ভোটারকে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাপটি ইনস্টলের পর ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ সিলেক্ট করে ‘ভোট কেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর এনআইডি নম্বর ও জন্ম তারিখ ইনপুট দিয়ে অনুসন্ধান করলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও কেন্দ্রের ঠিকানা প্রদর্শিত হবে। 

এছাড়াও ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য বাংলাদেশের যেকোনো ভোটার হটলাইন নম্বর ১০৫-এ কল করতে পারবেন। এ পদ্ধতিতে তথ্য জানতে ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন। এজন্য এসব তথ্য হাতে নিয়ে হটলাইন নম্বর ১০৫-এ কল করতে হবে।

প্রসঙ্গত, শেরপুর-৩ আসনের ভোটের সবশেষে প্রতিবেদন অনুযায়ী, এ আসনেও প্রার্থী তিনজন। বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান মাসুদ এবং বাসদের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান। আর বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপির মো. রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল-আমিন তালুকদার।

ডিবিটেক/এসএ/এমইউআইএম