অনলাইন জুয়ার ১১৬ সাইট বন্ধে বিটিআরসিকে সিআইডির চিঠি, গ্রেফতার ৮
অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১৬টি ওয়েবসাইট শনাক্ত করে তা বন্ধের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) তালিকা পাঠিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। একই সঙ্গে এই জুয়ার আড়ালে বিদেশে কোটি কোটি টাকা পাচারের অভিযোগে একটি চক্রের আট সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
১৭ মে, রবিবার রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমেদ।
সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান জানান, চলতি মাসের ১ মে থেকে ১৭ মে পর্যন্ত সিআইডির 'সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট' বিশেষ সাইবার পেট্রোলিং চালায়। এই ধারাবাহিক মনিটরিংয়ের মাধ্যমেই বাংলাদেশে সক্রিয় ১১৬টি অবৈধ জুয়ার সাইট শনাক্ত করা সম্ভব হয়। সাইটগুলো দেশের অভ্যন্তরে তরুণ সমাজকে লক্ষ্য করে জুয়া ও অবৈধ আর্থিক লেনদেন পরিচালনা আসছিল। জনস্বার্থে এগুলো দ্রুত ডাউন বা বন্ধ করার জন্য বিটিআরসিতে আনুষ্ঠানিক তালিকা পাঠানো হয়েছে।
সিআইডি জানায়, নিয়মিত নজরদারির অংশ হিসেবে সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পায় সাইবার ইউনিট, যারা অনলাইন জুয়া পরিচালনার আড়ালে দেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করছিল। সিআইডির বিশেষ অভিযানে এই চক্রের মূল হোতাসহ আট সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
তবে তদন্ত চলমান উল্লেখ করে অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমেদ বলেন, "অনলাইন জুয়া ও এর সঙ্গে জড়িত অবৈধ আর্থিক কার্যক্রম বা মানি লন্ডারিং প্রতিরোধে সিআইডির সাইবার মনিটরিং কার্যক্রম এখন থেকে নিয়মিত চলবে। এই অপরাধের পেছনে থাকা পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন এবং চক্রের অজ্ঞাত বাকি সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।"
ডিবিটেক/এসএইচ/ইকে



