উন্মোচিত হলো অনারের রোবট ফোন

  • মোটরচালিত হার্ডওয়্যার স্ট্যাবিলাইজেশন
  • ARRI-এর কালার সায়েন্স ও ইমেজিং দক্ষতা 
  • আনুষ্ঠানিক ডেলিভারি শুরু ১৮ আগস্ট থেকে 

উন্মোচিত হলো অনারের রোবট ফোন
১৩ আগষ্ট, ২০২৬ ১৯:৫২  
১৪ আগষ্ট, ২০২৬ ০৮:৫০  

নিজেদের বহুল প্রতীক্ষিত ‘রোবট ফোন’ উন্মোচন করলো চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান অনার। বাজারে ছাড়ার অংশ হিসেবে এরইমধ্যে ফোনটির আগাম বায়না (প্রি-অর্ডার) নেয়া শুরু হয়েছে চীনে। জার্মান সিনেমা ক্যামেরা ব্র্যান্ড ‘অ্যারি’র সঙ্গে যৌথভাবে তৈরি ডিভাইসটি প্রচলিত স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে মোবাইল প্রোডাকশন স্টুডিও হিসেবেও কাজ করবে বলে প্রত্যাশা করছে নির্মাতা প্রতিষ্ঠানটি।  

নতুন এই ডিভাইস সম্পর্কে অনারের সিইও জেমস লি বলেন, “ভালো ছবির সূচনাটা হয় উন্নত হার্ডওয়্যার দিয়ে কিন্তু তাকে অসাধারণ মাত্রায় পৌঁছে দেয় অ্যালগরিদম। তবে প্রযুক্তি কেবল ভিত্তি মাত্র; ভালো ইমেজিংয়ের মূল বিষয় হলো এর নান্দনিকতা।”
তিনি আরও বলেন, “অ্যারি’র সাথে যৌথভাবে কাজ করে আমরা উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচন করার মাধ্যমে তরুণ প্রজন্মের ক্রিয়েটরদের অনুপ্রাণিত করতে চাই।”

ফোনটির বিশেষ বৈশিষ্ট জাহির করা হয়েছে এতে থাকা স্বয়ংক্রিয় পপ-আপ ক্যামেরা গিম্বল। ফলো আলোকচিত্রী এবং ভিডিওগ্রাফারদের কাছে ফোনটি সমিহের জায়গা করে নেবে বলেই ধারণা করা যায়।

টাইটানিয়াম ধাতুতে গড়া গিম্বলটি ৩৬০ ডিগ্রি কোণে ঘুরতে পারে। সহজেই নড়াচড়া করতে সক্ষম বিভিন্ন দিকে। এই সুবিধাটি ধারণ স্মার্টফোনে তোলা কঠিন এমন সব শট নিতে বিশেষভাবে সাহায্য করবে। এতে টিল্ট লক, এফপিভি ভিউ এবং স্পিনশটের মতো একাধিক সিনেমার মতো শট নেওয়ার মোড যুক্ত করা হয়েছে। 

ডিভাইসটিতে সাবজেক্ট ট্র্যাকিংয়ের জন্য একটি সমন্বিত কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যালগরিদম রয়েছে, যার মাধ্যমে ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে কোনো ব্যক্তির গতিবিধি অনুসরণ করে প্যান ও টিল্ট হতে পারে। এছাড়া হাতের ইশারায় বা জেশ্চার নিয়ন্ত্রণের মাধ্যমে ক্যামেরা আর্ম খুলে ছবি তোলার সুবিধা রয়েছে। 

ক্যামেরা সিস্টেমে ২০০ মেগাপিক্সেলের প্রধান লেন্স এবং ২০০ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্সের একটি শক্তিশালী দ্বৈত সেটআপ রয়েছে। পেশাদার সিনেমা ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান ‘আরি’-এর সঙ্গে অংশীদারিত্বের ফলে এই ফোনে এআই-সহায়তা প্রাপ্ত নয়েজ রিডাকশন, বিস্তৃত ডায়নামিক রেঞ্জ এবং রিয়েল-টাইমে প্রিভিউসহ র ফাইল আউটপুটের সুবিধা পাওয়া যাবে। 

ফোনটি ম্যাজিক ওএস অপারেটিং সিস্টেমে পরিচালিত হয় এবং এতে ‘ইওইও রোবট মোড’ নামের একটি ফিচার যুক্ত করা হয়েছে। এটি বহুমাত্রিক অনুভূতি, প্রসঙ্গ বোঝা, অঙ্গভঙ্গি শনাক্তকরণ এবং শারীরিক নড়াচড়ার এক অপূর্ব সমন্বয়। ফলে জিম্বালটি গানের তালে নাচতে পারে, সম্মতিতে মাথা নাড়াতে পারে বা আদেশের ভিত্তিতে ঘুরতে পারে। 

অনার এই প্ল্যাটফর্মটি তৃতীয় পক্ষের ডেভেলপারদের জন্য উন্মুক্ত করছে, যাতে তারা ফোনের এই বহুমাত্রিক ক্ষমতা এবং ইমবডিড ইন্টারঅ্যাকশন ব্যবহার করে নতুন সব অভিজ্ঞতা তৈরি করতে পারে। 

একটি স্বয়ংক্রিয় ক্যামেরা ছাড়াও এটি শক্তিশালী স্পেসিফিকেশন সমৃদ্ধ একটি স্মার্টফোন। এতে রয়েছে স্ন্যাপড্রাগন এলিট জেন ৫ প্রসেসর, বিশেষ কুলিং সিস্টেম এবং ৭,০৬০ এমএএইচ ক্ষমতার শক্তিশালী ব্যাটারি। ফোনটিতে ৬.৩ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে রয়েছে যা অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সমর্থন করে এবং এর সর্বোচ্চ উজ্জ্বলতা ৬,৮০০ নিটস। 

বর্তমানে চীনের বাজারে ১২ জিবি র‍্যামের সঙ্গে ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যামের সঙ্গে ১ টিবি স্টোরেজের দুটি সংস্করণে প্রাক-অর্ডার নেওয়া হচ্ছে, যা আগামী ১৮ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে সরবরাহ করা হবে। মার্কিন ডলারে ফোনটির ১২ জিবি সংস্করণের দাম প্রায় ১,৪৮০ ডলার এবং ১৬ জিবি সংস্করণের দাম ২,০৭৫ ডলার। 

নতুন ফোনটি উন্মোচনে উচ্ছ্বাস প্রকাশ করলেও কবে নাগাদ এটি বাংলাদেশে আসবে এবং দাম কত পড়তে পারে তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি অনর বাংলাদেশ। 
//ডিবিটেক/এনগ্যাজেট/বিএমটি/আইএইচ//