ডিজিটাল ওয়ালেটের সুবিধা ও অসুবিধা

ডিজিটাল ওয়ালেটের সুবিধা ও অসুবিধা
১৫ আগষ্ট, ২০২৬ ১৯:৫০  
১৪ আগষ্ট, ২০২৬ ২৩:৫৬  

অ্যাপল পে এবং গুগল ওয়ালেটের মতো ডিজিটাল ওয়ালেটগুলো গত এক দশকে বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় পেমেন্ট মাধ্যমে পরিণত হয়েছে। ব্যবহারকারীর ডিভাইসের ওপর ভিত্তি করে মূলত এই ওয়ালেটগুলো নির্ধারিত হয়; যেমন আইওএসে অ্যাপল পে এবং অ্যান্ড্রয়েডে গুগল ওয়ালেট ব্যাপকভাবে ব্যবহৃত হয়, পাশাপাশি স্যামসাং ডিভাইসের জন্য রয়েছে স্যামসাং পে। 

এগুলো ফিজিক্যাল মানিব্যাগ বহন করার প্রয়োজনীয়তা অনেকাংশে কমিয়ে আনে এবং অ্যাপল বা অ্যানড্রয়েড স্মার্টওয়াচ থেকেও সরাসরি লেনদেনের সুযোগ দেয়। 

ডিজিটাল ওয়ালেটে শুধু ক্রেডিট বা ডেবিট কার্ড নয়, বরং কনসার্টের টিকিট, স্টোর লয়্যালটি কার্ড, ফ্লাইটের বোর্ডিং পাস, হোটেলের ডিজিটাল চাবি, নির্দিষ্ট কিছু স্থানের ডিজিটাল আইডি এবং গাড়ির চাবিও এক জায়গায় সংরক্ষণ করা যায়। 

কেনাকাটার সময় বিভিন্ন রিওয়ার্ড প্রোগ্রাম অনুযায়ী সর্বোচ্চ ক্যাশব্যাক পাওয়া কার্ডটি সহজেই বেছে নেওয়া সম্ভব। এছাড়া ফিজিক্যাল চিপ রিডারের তুলনায় কন্টাক্টলেস টাচ পেমেন্ট অনেক দ্রুত কাজ করে এবং সমর্থিত অ্যাপ বা ওয়েবসাইটে বারবার তথ্য না লিখে সরাসরি এক ধাপে পেমেন্ট সম্পন্ন করা যায়। 

নিরাপত্তার দিক থেকেও ডিজিটাল ওয়ালেট বেশ চমৎকার সুবিধা দেয়। ফিজিক্যাল কার্ড চুরি হলে তা সরাসরি ব্যবহার করা সম্ভব হলেও, ফোন হারিয়ে গেলে পিন নম্বর বা বায়োমেট্রিক (ফেস বা ফিঙ্গারপ্রিন্ট লকিং) ছাড়া ওয়ালেট ব্যবহার করা যায় না। 

লেনদেনের ক্ষেত্রে আসল কার্ডের তথ্যের বদলে এককালীন 'টোকেনাইজেশন' নম্বর ব্যবহৃত হওয়ায় কার্ড কার্ড স্কিমার বা হ্যাকারদের হাতে তথ্য ফাঁসের ঝুঁকি থাকে না। ফোন হারিয়ে গেলে অনলাইন পোর্টাল থেকে সহজেই কার্ড অ্যাক্সেস নিষ্ক্রিয় করা যায়। 

তবে ডিজিটাল ওয়ালেটের কিছু ব্যবহারিক সীমাবদ্ধতাও রয়েছে। সব দোকানে এনএফসি সমর্থিত টার্মিনাল না-ও থাকতে পারে। এছাড়া ডিভাইসের ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে সাধারণত লেনদেন করা যায় না- যদিও অ্যাপল পে-এর ‘এক্সপ্রেস মোড’ চার্জ শেষ হওয়ার পরও সাময়িকভাবে (প্রায় ৫ ঘণ্টা পর্যন্ত) টিকিট বা ডিজিটাল চাবি ব্যবহারের সুযোগ দেয়, তবে এটি ফোন ম্যানুয়ালি বন্ধ করলে কাজ করে না। 

এ ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে ডিজিটাল ওয়ালেট ব্যবহারের পাশাপাশি অন্তত একটি ফিজিক্যাল কার্ড এবং কিছু নগদ অর্থ সাথে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। 

ডিবিটেক/বিএমটি