বিশ্বকাপ ঘিরে রবির চার ক্যাম্পেইনে ২৬ বিজয়ী পেলেন পুরস্কার

রবি বিশ্বকাপ কুইজ জিতে ‘বাংলাদেশের অক্টোপাস’ পেলেন রয়্যাল এনফিল্ড

রবি বিশ্বকাপ কুইজ জিতে ‘বাংলাদেশের অক্টোপাস’ পেলেন রয়্যাল এনফিল্ড
১১ আগষ্ট, ২০২৬ ১২:৪২  

ফুটবল বিশ্বকাপকে ঘিরে গ্রাহকদের জন্য আয়োজিত চারটি বিশেষ ক্যাম্পেইনের ২৬ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিয়েছে রবি আজিয়াটা। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে রবির প্রধান কার্যালয়ে আয়োজিত বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে রবির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জিয়াদ সাতারা, হেড অব মার্কেটিং মো. শওকত কাদের চৌধুরীসহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্বকাপ উপলক্ষে ‘মাই রবি অ্যাপে’ ফুটবলভিত্তিক বিভিন্ন ডিজিটাল ও নন-ডিজিটাল কার্যক্রম পরিচালনা করে রবি। এর মধ্যে ছিল ‘কুইজমাস্টার’, ‘স্ন্যাপ অ্যান্ড গ্রাফিতি’, ‘কে হবেন ফুটবলের অক্টোপাস?’ এবং ‘মৌলি প্যাক বিশ্বকাপ’ ক্যাম্পেইন।

রবির পক্ষ থেকে জানানো হয়, কুইজমাস্টার ক্যাম্পেইনে গ্রাহকেরা মাই রবি অ্যাপ থেকে প্রতিদিন ফুটবল কুইজে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। বিশ্বকাপজুড়ে দীর্ঘ সময় ধরে চলা এই কুইজে অংশগ্রহণকারীদের সঠিক উত্তরের ভিত্তিতে পয়েন্ট দেওয়া হয়। প্রতিযোগিতার শেষ পর্যায়ে সবচেয়ে বেশি পয়েন্ট অর্জনকারীদের মধ্য থেকে ১১ জন বিজয়ী নির্বাচন করা হয়।

‘স্ন্যাপ অ্যান্ড গ্রাফিতি’ ক্যাম্পেইনে বিশ্বকাপের গ্রাফিতির সামনে ছবি তুলে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ ছিল গ্রাহকদের। দেশের বিভিন্ন স্থানে রবির পক্ষ থেকে তৈরি করা গ্রাফিতির সামনে ছবি তুলে তা জমা দেওয়ার ভিত্তিতে ১১ জনকে বিজয়ী নির্বাচিত করা হয়।

সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেওয়া ‘কে হবেন ফুটবলের অক্টোপাস?’ ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের বিশ্বকাপের চ্যাম্পিয়ন, গোল্ডেন বুট ও গোল্ডেন বলের সম্ভাব্য বিজয়ী সম্পর্কে পূর্বাভাস দেওয়ার সুযোগ দেওয়া হয়। প্রায় ৪০ হাজারের বেশি মানুষ এই প্রতিযোগিতায় অংশ নেন। তাদের মধ্যে যারা পুরো বিশ্বকাপজুড়ে সবচেয়ে কাছাকাছি ও সঠিক পূর্বাভাস দিয়েছেন, তাদের মধ্য থেকে তিনজনকে নির্বাচিত করা হয়।

এ প্রতিযোগিতায় তৃতীয় রানার আপ হিসেবে পুরস্কার পেয়েছেন মোহাম্মদ নওয়াজেস হক সরকার। দ্বিতীয় রানারআপ হয়েছেন কামরুল হাসান। তিনি পেয়েছেন ৫০ ইঞ্চির স্মার্ট এলইডি টেলিভিশন। প্রথম রানারআপ হয়েছেন মিহাজুল করিম। তার পুরস্কার ৫৫ ইঞ্চির স্মার্ট এলইডি টেলিভিশন।

আর প্রতিযোগিতায় মেগা চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদ আতাউর রহমান। তার অসাধারণ পূর্বাভাস ও সাফল্যের কারণে তাকে মজার ছলে ‘বাংলাদেশের অক্টোপাস’ হিসেবে অভিহিত করা হয়। এই বিশেষ বিজয়ী পেয়েছেন রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল। তার বাড়ি নোয়াখালী।

অনুষ্ঠানে বিজয়ীদের উদ্দেশে বলা হয়, প্রায় ৪০ হাজারের বেশি অংশগ্রহণকারীর মধ্যে থেকে বিশ্বকাপজুড়ে এত কাছাকাছি পূর্বাভাস দেওয়া কোনোভাবেই সাধারণ বিষয় নয়। তাই তিন বিজয়ীর সাফল্যকে বিশেষভাবে উদযাপন করা হয়।

অন্যদিকে গ্রাফিতি ক্যাম্পেইনের বিজয়ীদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোকলেসুর রহমান, যিনি ঢাকার কেরানীগঞ্জ থেকে এসেছেন; অঞ্জন পলাশ; মোহাম্মদ নওয়াজেস হক সরকার; মোহাম্মদ তানভীর ইসমাইল, যিনি লক্ষ্মীপুর থেকে এসেছেন; এবং সাবরিনা হোসেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন প্রান্তে বিজয়ীদের অবস্থান হওয়ায় সবাই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। অনুপস্থিত বিজয়ীদের পুরস্কার পরবর্তী সময়ে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে রবির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জিয়াদ সাতারা বলেন, বিশ্বকাপের ম্যাচ সম্প্রচারের জন্য প্রয়োজনীয় প্ল্যাটফর্ম তৈরি, নেটওয়ার্ক সক্ষমতা নিশ্চিত করা এবং দর্শকদের নিরবচ্ছিন্নভাবে খেলা উপভোগের সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পেরেছি। সবচেয়ে আনন্দের বিষয় হলো, বিপুলসংখ্যক মানুষ এই উন্মাদনায় অংশ নিয়েছেন, নিজেদের আবেগ প্রকাশ করেছেন এবং পছন্দের দল ও দেশের প্রতি সমর্থন জানিয়েছেন। মানুষ শুধু খেলা দেখেই বিশ্বকাপের আনন্দ উপভোগ করেননি; বরং নিজেরাও প্রতিযোগী হিসেবে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।অর্থাৎ, বিশ্বকাপের উত্তেজনা দর্শকের গণ্ডি পেরিয়ে অংশগ্রহণের অভিজ্ঞতায় পরিণত হয়েছে। আজ আমরা সেই প্রতিযোগিতার বিজয়ীদের আতিথেয়তা দিতে পেরে আনন্দিত। ফুটবল সম্পর্কে তাদের জ্ঞান ও দক্ষতা তাদের এই প্রতিযোগিতায় জয়ী হতে সহায়তা করেছে। আর বর্তমান সময়ে ফুটবল সম্পর্কে ভালো জ্ঞান শুধু খেলা উপভোগের সুযোগই দেয় না, এর সঙ্গে বড় পুরস্কার জেতার সুযোগও তৈরি করে।

রিবি'র চিফ কর্পোরেট অ্যফেয়ার্স শাহেদ আলম বলেন, আমরা শুধু এমন এক্সাইটিঙ আয়োজনই করছিনা।  নেটওয়ার্কের মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। সহসাই বেশ কিছু চমক দেখতে পারবেন গ্রাহক।

রবির হেড অব মার্কেটিং মো. শওকত কাদের চৌধুরী বলেন, বিশ্বকাপের উত্তেজনাকে কেন্দ্র করে গ্রাহকদের জন্য আনন্দ ও স্মরণীয় অভিজ্ঞতা তৈরিই ছিল এসব ক্যাম্পেইনের উদ্দেশ্য। কুইজ, গ্রাফিতি, পূর্বাভাসসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে গ্রাহকদের বিশ্বকাপের সঙ্গে সরাসরি সম্পৃক্ত করা হয়েছে।

এদিকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শাহিদ ভাই ও শাহবাজ ভাইকে মঞ্চে আমন্ত্রণ জানিয়ে চ্যাম্পিয়নসহ বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয়।

‘মৌলি প্যাক বিশ্বকাপ’ ক্যাম্পেইনেও একজন গ্রাহককে পুরস্কৃত করা হয়েছে। সব মিলিয়ে চারটি ক্যাম্পেইনে মোট ২৬ জন বিজয়ী পুরস্কার পেয়েছেন। এর মাধ্যমে শুধু বিশ্বকাপের ম্যাচ দেখা নয়, বরং কুইজ, পূর্বাভাস, ছবি তোলা ও বিভিন্ন প্রতিযোগিতায় সরাসরি অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন রবির গ্রাহকেরা।

//ডিবিটেক/আইএইচ/এমএসসআই//