দেশজুড়ে ছড়িয়ে থাকা দুর্লভ ব্যক্তিগত গ্রন্থ ডিজিটাল আর্কাইভে নেবে ইউজিসি

দেশজুড়ে ছড়িয়ে থাকা দুর্লভ ব্যক্তিগত গ্রন্থসংগ্রহ ডিজিটাল আর্কাইভে সংরক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি। এরই অংশ হিসেবে দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারের ১০ হাজার বই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত হবে।

দেশজুড়ে ছড়িয়ে থাকা দুর্লভ ব্যক্তিগত গ্রন্থ ডিজিটাল আর্কাইভে নেবে ইউজিসি
৮ জুলাই, ২০২৬ ১৭:২২  

দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা দুর্লভ ব্যক্তিগত গ্রন্থসংগ্রহ বিলুপ্তির হাত থেকে বাঁচাতে এবং ভবিষ্যৎ প্রজন্মের গবেষকদের জন্য তা উন্মুক্ত করতে ডিজিটাল আর্কাইভ তৈরির উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এই পরিকল্পনার অংশ হিসেবে দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারের ব্যক্তিগত সংগ্রহে থাকা প্রায় ১০ হাজার বই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গ্রন্থাগারে বিশেষ কর্নার বা পৃথক স্থানে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৮ জুলাই, বুধবার ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে আবদুল হাই শিকদার ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলীর এক যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জামিনুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ইউজিসি চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আগামী ডিসেম্বরের মধ্যে বইগুলো সংগ্রহ ও সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান এবং এ ক্ষেত্রে ইউজিসির পক্ষ থেকে সব ধরনের নীতিগত ও আর্থিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, শুধু বই সংরক্ষণ করলেই হবে না, দুর্লভ গ্রন্থগুলো ডিজিটাল আর্কাইভসেও রূপান্তর করতে হবে, যাতে দেশের বিভিন্ন প্রান্তের গবেষক ও পাঠক সহজে সেগুলো ব্যবহার করতে পারেন।

আবদুল হাই শিকদার জানান, তার সংগ্রহে বাংলা ভাষা ও সাহিত্য, বিশ্ব ইতিহাস, গবেষণা, অনুবাদ ও বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ের প্রায় ১০ হাজার বই রয়েছে, যার একটি অংশ তিনি উত্তরাধিকারসূত্রে এবং বাকি অংশ কয়েক দশক ধরে দেশ-বিদেশ থেকে সংগ্রহ করেছেন। এর মধ্যে প্রায় তিন হাজার অত্যন্ত দুর্লভ বই দ্রুত সংরক্ষণ না করলে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহর গ্রন্থাগারের বহু দুর্লভ বই সংরক্ষণের অভাবে একসময় ভাঙারির দোকানে বিক্রি হয়ে যাওয়ার স্মৃতিচারণ করে প্রাতিষ্ঠানিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন তিনি।

তিনি জানান, শিক্ষাবিদ সৈয়দ আলী আহসানের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বই দানের ঘটনায় অনুপ্রাণিত হয়েই তিনি এই সংগ্রহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে দিতে চান। উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে উত্তরবঙ্গের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নতুন গবেষণার সুযোগ সৃষ্টি হবে। এছাড়া বৈঠকে আবদুল হাই শিকদার দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নজরুল গবেষণা জোরদারে 'নজরুল সেন্টার' প্রতিষ্ঠা ও 'নজরুল অধ্যাপক' পদ পুনরায় চালুর প্রস্তাব দিলে ইউজিসি চেয়ারম্যান তা গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

//ডিবিটেক/এমজেডআর/এমআই//