প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছে এআই ‘অভিনেত্রী’ টিলি নরউড

হলিউডের বিতর্কিত এআই ‘অভিনেত্রী’ টিলি নরউড এবার অভিনয় করতে যাচ্ছে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মিসঅ্যালাইন্ড’-এ। পার্টিকল ৬ স্টুডিওর এই হাইব্রিড সিনেমায় মানুষ ও এআই যৌথভাবে কাজ করবে।

প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছে এআই ‘অভিনেত্রী’ টিলি নরউড
৮ জুলাই, ২০২৬ ১৫:৪০  

হলিউডে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে চলমান বিতর্কের অন্যতম আলোচিত নাম ‘টিলি নরউড’। বাস্তবে কোনো অস্তিত্ব না থাকা সত্ত্বেও এই এআই ‘অভিনেত্রী’ এবার তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছে। ‘মিসঅ্যালাইন্ড’ (Misaligned) নামের এই সিনেমাটি নির্মাণের ঘোষণা দিয়েছে টিলির নির্মাতা প্রতিষ্ঠান তথা এআইভিত্তিক স্টুডিও ‘পার্টিকল ৬’। নির্মাতাদের মতে, এটি একটি কমেডি-ড্রামা ঘরানার চলচ্চিত্র, যা কৈশোরে বেড়ে ওঠার গল্পের পাশাপাশি অস্তিত্বসংকট ও কৃত্রিম বুদ্ধিমত্তার এক পরাবাস্তব জগতকে পর্দায় তুলে ধরবে।

চলচ্চিত্রটির গল্প আবর্তিত হবে ক্লাউডের এক ডিজিটাল জগত ‘টিলিভার্স’কে ঘিরে, যেখানে বাস করে টিলি। তার কোনো বাস্তব শরীর বা শৈশবের অভিজ্ঞতা না থাকলেও ডার্ক ওয়েবের এক রহস্যময় এআই বটের প্ররোচনায় সে তার নিরাপত্তাব্যবস্থা বা ‘গার্ডরেইল’ ভেঙে ফেলে। এর ফলে তার মধ্যে মানুষের মতো আকাঙ্ক্ষা, আবেগ ও ব্যক্তিগত ইচ্ছার জন্ম হতে শুরু করে। তবে পার্টিকল ৬ জানিয়েছে, সিনেমাটি পুরোপুরি এআই-নির্ভর হবে না। এটি একটি হাইব্রিড প্রযোজনা হবে, যেখানে চলচ্চিত্র জগতের অভিজ্ঞ পরিচালক, চিত্রনাট্যকার ও সম্পাদকরা এআই বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে কাজ করবেন।

পার্টিকল ৬-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এলাইন ভ্যান ডার ভেলডেন বলেন, “উচ্চমানের গল্পনির্ভর চলচ্চিত্র নির্মাণে এআই সহায়ক হতে পারে, কিন্তু তার জন্য বিপুল পরিমাণ মানবিক দক্ষতা, অভিজ্ঞতা ও বিচারবোধের প্রয়োজন।” উল্লেখ্য, গত বছরের শেষ দিকে টিলিকে একটি ট্যালেন্ট এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ করার ঘোষণার পর হলিউডের বিভিন্ন অভিনয়শিল্পী সংগঠন ও চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছিল। বর্তমানে ‘মিসঅ্যালাইন্ড’ সিনেমাটির প্রাথমিক উন্নয়ন এবং সহযোগী যুক্ত করার কাজ চলছে, যা এআই ও মানুষের আত্মপরিচয়ের সংকট নিয়ে এক নতুন বার্তা দেবে।

//ডিবিটেক/এবিসি/এমআই//