যোগদান শেষে শ্রদ্ধা নিবেদন ও বৃক্ষরোপণ করলেন নতুন কোষাধ্যক্ষ
যবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ফারুক হাসান
- যবিপ্রবির কোষাধ্যক্ষ পদে যোগ দিলেন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান
- উপাচার্য ও উপ-উপাচার্যের ফুলেল শুভেচ্ছা এবং সহকর্মীদের অভিনন্দন
- ভিত্তিপ্রস্তর ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং নিম চারা রোপণ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইচএসটিইউ) কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। ২৫ জুলাই, শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
যোগদানের পর যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির ও উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান তাঁকে ফুল দিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে গত ২৩ জুলাই (বৃহস্পতিবার) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে চার বছরের জন্য এ পদে নিয়োগের বিষয়টি জানানো হয়।
দায়িত্ব গ্রহণের পর বেলা ১১টায় নতুন কোষাধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান এবং মোনাজাতে অংশ নেন। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ক্যাম্পাসে একটি নিম গাছের চারা রোপণ করেন। যোগদানের পর অনুভূতি প্রকাশ করে ড. ফারুক হাসান বলেন, “সরকার আমাকে যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছে, যবিপ্রবির সার্বিক উন্নয়নে তা বাস্তবায়নে আমি নিরলস কাজ করে যাব। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভালো কাজে আমাকে পাশে পাবেন।”
অধ্যাপক ড. ফারুক হাসান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ২০০৫ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন। পরবর্তীতে ২০১২ সালে তিনি জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসির ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে গবেষণা ও প্রশাসনিক কাজে তাঁর বিশেষ অভিজ্ঞতা রয়েছে।
//ডিবিটেক/এসআই/এমইএম//





