বৈশ্বিক সূচকে ব্যাপক অগ্রগতি; ক্ষুধামুক্তিতে ৬৬তম এবং দারিদ্র্যমুক্তিতে ৮২তম স্থান অর্জন

টিএইচই সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষে গাকৃবি

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং ২০২৬-এ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

টিএইচই সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষে গাকৃবি
২৪ জুন, ২০২৬ ২১:২৩  


টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং ২০২৬-এ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। একই সঙ্গে বৈশ্বিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৪০১-৬০০তম।

২৪ জুন, বুধবার) প্রকাশিত এই র‌্যাঙ্কিংয়ে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। জাতিসংঘ ঘোষিত ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-র ভিত্তিতে প্রকাশিত ফলাফলে দেখা যায়, গাকৃবি এসডিজি-১ (দারিদ্র্যমুক্তি) সূচকে ৭৪.৮ স্কোর নিয়ে বিশ্বের ৮২তম এবং এসডিজি-২ (ক্ষুধামুক্তি) সূচকে ৭৮.৩ স্কোর পেয়ে বৈশ্বিকভাবে ৬৬তম স্থান অর্জন করেছে। এছাড়া এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা) সূচকে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১০১-২০০তম গ্রুপে।

গত বছর এই তালিকায় গাকৃবি-র অবস্থান ছিল ৮০১-১০০০তম।
​বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক সূচকে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি) ২০২৬’-এর ফিন্যান্সিয়াল ইমপ্যাক্ট ড্রাইভেন ট্রান্সফার টেকনোলজি ক্যাটাগরিতে বিশ্বের সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৩তম স্থান অর্জন করেছে গাকৃবি।

পাশাপাশি কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‌্যাঙ্কিংস ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান লাভ করেছে প্রতিষ্ঠানটি।

গাকৃবি উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এই অর্জনকে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি উল্লেখ করে বলেন, এই সাফল্য বৈশ্বিক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তাঁদের দায়িত্ব ও প্রতিশ্রুতি আরও বাড়িয়ে দিয়েছে।
​//ডিবিটেক/ডিএম/ইকে//