আইসিসিবিতে মেডিটেক্স, হেলথ ট্যুরিজম, ফুড অ্যান্ড অ্যাগ্রো সম্মেলন শুরু

আইসিসিবিতে মেডিটেক্স, হেলথ ট্যুরিজম, ফুড অ্যান্ড অ্যাগ্রো সম্মেলন শুরু
৮ মে, ২০২৫ ১৬:১৫  
৮ মে, ২০২৫ ১৭:২২  

রাজধানীর কুড়িলে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে চিকিৎসা সরঞ্জাম, স্বাস্থ্য পর্যটন সম্পর্কিত আন্তর্জাতিক প্রদর্শনী। আগামী শনিবার রাত ৮টা পর্যন্ত সম্মেলন কেন্দ্রের চার নম্বর হলে মেডিটেক্স; তিন নম্বর হলে  হেলথ ট্যুরিজম এবং কৃষি ও খাদ্য যন্ত্রপাতি সম্পর্কিত আন্তর্জাতিক প্রদর্শনী অ্যাগ্রো অ্যান্ড ফুড মেলা বসেছে এক ও দুই নম্বর হলে।  প্রদর্শনীকালীন ‘কফি ফেস্টিভাল’ চলছে হল-১ এ। 

দেশি-বিদেশি হাসপাতাল ও চিকিৎসকদের সহযোগিতা বিষয়ক এ প্রদর্শনীসমূহে বাংলাদেশ, ভারত, চীন, ও থাইল্যান্ডসহ ১৫টিরও অধিক দেশের ৫০০ টিরও অধিক বুথ নিয়ে প্রায় ৩০০টি কোম্পানি অংশগ্রহণ করেছে।  প্রদর্শনীতে থাকছে সংশ্লিষ্ট শিল্প সম্পর্কিত ৬টি আন্তর্জাতিক সেমিনার।  ফুড বাংলাদেশ ও অ্যাগ্রো বাংলাদেশ প্রদর্শনীতে খাদ্য, কৃষি ও প্লাস্টিক শিল্পের অত্যাধুনিক সরঞ্জাম, উন্নত প্রযুক্তি, পণ্য এবং পরিষেবা বিষয়ক এ প্রদর্শনীসমূহে বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, মালয়েশিয়া, ইউক্রেন, মিশরসহ ১২টিরও অধিক দেশের ৪৮০ টিরও অধিক বুথ নিয়ে প্রায় ২৫০টি কোম্পানি অংশগ্রহণ করছে।  

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এর আয়োজনে বৃহস্পতিবার প্রদর্শনীর উদ্বোধন করেন নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন থিজ উডস্ট্রা। 

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস এসোসিয়েশন (বাপা) সভাপতি, মোঃ আবুল হাশেম; ইউরোপিয় ইউনিয়ন চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের, চেয়ারপারসন নুরিয়া লোপেজ; ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মাহবুব বাসেত ; সুইসকন্ট্যাক্ট এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ইশরাত ফাতেমা ।

স্বাগত বক্তব্য দেন, আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। আরো বক্তব্য দেন সুইসকন্ট্যাক্ট টিম লিড (বিল্ডিং ইয়ুথ এমপ্লোয়েবিলিটি থ্রো স্কিলস- বি.ওয়াই.ই.টি.এস প্রকল্প) নাদিয়া আফরিন শামস ।

আয়োজক সূত্রে প্রকাশ, প্রদর্শনীতে থাকছে সংশ্লিষ্ট শিল্প সম্পর্কিত ৬টি আন্তর্জাতিক সেমিনার। সুইসকন্ট্যাক্ট এর সহযোগিতায় ০৮ মে, ‘স্ট্রেংথেনিং অ্যাগ্রো-প্রসেসিং এসএমইজ: ক্রিয়েটিং অ্যা বিজনেস-ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ফর গ্রোথ অ্যান্ড এক্সপোর্ট’ শীর্ষক সেমিনার (বিকাল ৪:০০–৫:০০টা); সুইসকন্ট্যাক্ট এর সহযোগিতায় ‘এক্সপোর্ট অপরচুনিটিজ ইন আনকনভেনশনাল মার্কেট ফর বাংলাদেশি এসএমইজ’ (বিকাল ৪:০০টা–৫:০০টা); বিটিএল এর সহযোগিতায় ‘হোয়্যার ইনোভেশন মিটস বিউটি অ্যান্ড ওয়েলনেস’ (বিকাল ৫:৩০টা–৬:৩০টা); ১০ মে, কনপাস কর্পোরেশন এর সহযোগিতায় ‘অ্যাগ্রোইকোলজি: বিল্ডিং রেজিলিয়েন্স টু ক্লাইমেট চেঞ্জ’ (সকাল ১১:৩০টা–দুপুর ১২:৩০টা); সুইসকন্ট্যাক্ট এর সহযোগিতায় ‘আনলকিং বাংলাদেশের এক্সপোর্ট পোটেনশিয়াল ইন দ্য অ্যাগ্রো-প্রসেসিং সেক্টর’ (বিকেল ৪:০০টা–৫:০০টা); কিভা হান এর সহযোগিতায় ‘ক্যাফে কালচার ফেনোমেনা’ (বিকাল ৫:১৫টা–সন্ধ্যা ৭:০০টা) অনুষ্ঠিত হবে।