ড.আবদুল মঈন খান
আ.লীগ আইটির মাধ্যমে হাজার কোটি টাকা লুট করেছে
বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার তথ্যপ্রযুক্তির (আইটি) খাতে বড় বড় প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। প্রযুক্তির প্রসার দেখানো হলেও তা সাধারণ মানুষের জীবনমান সহজ বা সেবাগ্রহণ প্রক্রিয়াকে জটিলতামুক্ত করতে কোনো কাজে আসেনি।
১৯ মে, মঙ্গলবার দুপুরে নরসিংদীর পলাশে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বক্তব্যের সপক্ষে যুক্তি বিগত ৪৫ বছরেও নিজের নামে জমি নামজারি করতে না পারার উদাহরণ টেনে আনেন মঈন খান। তিনি বলেন, আইটি ব্যবস্থার নামে মুখরোচক কথা বলা হলেও, দেশের একজন সাধারণ নাগরিকের জন্য নিজ নামে নামজারি বা ভূমি সেবা পাওয়া এখনো বেশ কষ্টসাধ্য।
তার ভাষায়, সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে কেবল অবকাঠামো তৈরি বা বড় বাজেট খরচ করাই যথেষ্ট নয়, বরং সেবা পাওয়ার প্রক্রিয়াটিকে সাধারণ মানুষের জন্য সহজতর ও হয়রানিমুক্ত করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের ভূমিসেবা জটিলতা নিরসনে বর্তমান সরকার বদ্ধপরিকর। সেই লক্ষ্যে দেশব্যাপী ভূমিসেবা চালু করা হয়েছে। সেই লক্ষে দেশব্যাপী এই ইলেক্ট্রিক সেবার মাধ্যমে ভূমিসেবা চালু করা হয়েছে। শুধু মুখরোচক কথা বললে হবে না, দেশের আইটি ব্যবস্থা সহজ করে প্রতিটি মানুষের সেবা নেওয়ার প্রক্রিয়াটি সহজ করে গড়ে তুলতে হবে।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভুইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা ও পৌর ছাএদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান প্রমুখ।
উদ্বোধন শেষে পলাশ বাসস্ট্যান্ডে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্য শস্য চাল, শুকনা খাবার ও ঢেউটিন বিতরণ করেন সাবেক এই বিজ্ঞান ও প্রযুক্তমন্ত্রী।
ডিবিটেক/ডিআরজে/এমইউএ্ম



