যানজট-জলাবদ্ধতা নিরসনে প্রকৌশলভিত্তিক পরিকল্পনার ওপর জোর

যানজট-জলাবদ্ধতা নিরসনে প্রকৌশলভিত্তিক পরিকল্পনার ওপর জোর
১৯ মে, ২০২৬ ১৬:৫৮  

রাজধানীর যানজট ও জলাবদ্ধতা সমস্যা সমাধানে প্রযুক্তি ও প্রকৌশলভিত্তিক পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত নগর ব্যবস্থাপনা ও টেকসই অবকাঠামো উন্নয়নের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

১৯ মে, মঙ্গলবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এর অন্তর্বর্তীকালীন কমিটির নেতারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসক মো. আব্দুস সালাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানানো হয়।

রাজধানীর নগর ভবনে অনুষ্ঠিত বৈঠকে আইডিইবির আহ্বায়ক মো. কবীর হোসেন, সদস্যসচিব কাজী সাখাওয়াত হোসেন এবং সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন।

বৈঠকে ঢাকা মহানগরের দীর্ঘদিনের যানজট ও জলাবদ্ধতা নিরসনে করণীয় নিয়ে আলোচনা হয়। নগর ব্যবস্থাপনা আধুনিকায়ন, টেকসই অবকাঠামো নির্মাণ এবং নাগরিক দুর্ভোগ কমাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

আইডিইবি নেতারা রাজধানীর সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে প্রকৌশলভিত্তিক পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এ সময় ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম নগরবাসীর দুর্ভোগ কমাতে কার্যকর উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
ডিবিটেক/এসএস/এমআইও