জাতীয় স্ক্রিনিং নীতিমালার পথে বিশেষজ্ঞদের ঐকমত্য
স্তন ক্যান্সার স্ক্রিনিংয়ে জাতীয় নির্দেশিকার খসড়া
- ২০২৭ সালের প্রস্তাবিত নির্দেশিকার প্রথম ঐকমত্য সভা
- স্ক্রিনিং প্রটোকল ও ইমেজিং মানদণ্ড নির্ধারণের উদ্যোগ
- অভিন্ন রেডিওলজি রিপোর্টিং পদ্ধতি প্রস্তাব
বাংলাদেশে নারীদের স্তন ক্যান্সার দ্রুত শনাক্ত ও স্ক্রিনিং কার্যক্রমে অভিন্ন মান প্রতিষ্ঠার লক্ষ্যে ২০২৭ সালের প্রস্তাবিত জাতীয় নির্দেশিকার খসড়া উপস্থাপন করেছে বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং (বিএসআরআই)। নির্দেশিকায় কারা, কোন বয়স থেকে এবং কত সময় পরপর স্ক্রিনিং করবেন, স্তন ইমেজিংয়ের গুণগত ও কারিগরি মানদণ্ড এবং রেডিওলজি রিপোর্টের অভিন্ন কাঠামো নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে।
২৮ নভেম্বর, শনিবার ঢাকার বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (বিএমইউ) মিল্টন হলে নির্দেশিকা প্রণয়ন কমিটির প্রথম কনসেনসাস সভায় খসড়াটি উপস্থাপন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বিবেচনার জন্য এটি তৈরি করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। মহাপরিচালক (স্বাস্থ্য শিক্ষা) অধ্যাপক নাজমুল হোসেনও উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বিএসআরআই সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. সৈয়দ আওসাফ আলী। বিএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) ও বিএসআরআই সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য দেন।
দেশের বিভিন্ন চিকিৎসাপ্রতিষ্ঠানের অনকোলজিস্ট, সার্জন, সার্জিক্যাল অনকোলজিস্ট, গাইনোকোলজিস্ট, গাইনি-অনকোলজিস্ট, প্যাথলজিস্ট ও রেডিওলজিস্টরা সভায় অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) পরিচালক ও রেডিয়েশন অনকোলজিস্ট অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমন, সার্জন অধ্যাপক ডা. সানোয়ার হোসেন, বিএমইউর গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস এবং প্যাথলজি বিভাগের অধ্যাপক ডা. শবনম আখতার। রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. মাহমুদ হাসান মোস্তফা কামালও সভায় উপস্থিত ছিলেন।
বিএসআরআইয়ের বৈজ্ঞানিক সম্পাদক অধ্যাপক ডা. শারমিন আক্তার রুপা প্রস্তাবিত খসড়া নির্দেশিকার মূল বিষয়গুলো তুলে ধরেন। নির্দেশিকা প্রণয়ন কমিটিতে বিএমইউ, এনআইসিআরএইচ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও রংপুরের মেডিকেল কলেজ হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং প্রধান বেসরকারি হাসপাতালগুলোর বিশেষজ্ঞরা রয়েছেন।
নির্দেশিকার তিনটি মূল ক্ষেত্র
প্রস্তাবিত খসড়ায় তিনটি প্রধান বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
১. স্ক্রিনিং প্রটোকল: বাংলাদেশের নারীদের জন্য কারা স্ক্রিনিং করাবেন, কোন বয়স থেকে শুরু হবে এবং কত সময় পরপর পরীক্ষা করা হবে, তা নির্ধারণের প্রস্তাব।
২. ইমেজিং মানদণ্ড: স্ক্রিনিং কেন্দ্রগুলোতে স্তন ইমেজিংয়ের গুণগত ও কারিগরি মান নিশ্চিত করার মানদণ্ড।
৩. কাঠামোবদ্ধ রেডিওলজি রিপোর্টিং: পরীক্ষার ফল চিকিৎসকদের কাছে স্পষ্ট ও অভিন্নভাবে পৌঁছাতে রিপোর্টের একটি নির্দিষ্ট কাঠামো।
প্রধান অতিথি অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী উদ্যোগটির প্রশংসা করে বলেন, স্তন ক্যান্সার বাংলাদেশের নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যান্সার। সংগঠিত স্ক্রিনিংয়ের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে এ রোগে মৃত্যু অনেক কমানো সম্ভব। নির্দেশিকা বাস্তবায়নে তিনি বিএমইউর একাডেমিক সহায়তার আশ্বাস দেন।
মহাপরিচালক (স্বাস্থ্য শিক্ষা) অধ্যাপক নাজমুল হোসেন বলেন, নির্দেশিকাটি একটি মানসম্মত জাতীয় স্ক্রিনিং কর্মসূচি গড়ে তুলতে সহায়তা করবে। সারা দেশে কর্মসূচি চালু করতে চিকিৎসক ও টেকনোলজিস্টদের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
বিএসআরআই সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. সৈয়দ আওসাফ আলী কমিটির সদস্যদের অবদানের জন্য ধন্যবাদ জানান। তিনি তাঁদের খসড়া নির্দেশিকাটি পর্যালোচনা এবং ২০২৭ সালে দেশব্যাপী স্ক্রিনিং কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগে সহযোগিতার আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশে অধিকাংশ স্তন ক্যান্সার রোগী এখনো রোগের অগ্রসর পর্যায়ে শনাক্ত হন। এ পরিস্থিতি পরিবর্তনে জনসচেতনতা বৃদ্ধি, স্ক্রিনিংয়ের সুযোগ সম্প্রসারণ এবং মানসম্মত ইমেজিং ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
//ডিবিটেক/ পিডিবি/এসএমই/এনসিপি//





