কৃষিতে প্রযুক্তি, উৎপাদন ও জীবনমান
কৃষিতে আধুনিক প্রযুক্তি বাড়ানোর আহ্বান মন্ত্রীর
- কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব
- উন্নত বীজ ও বৈজ্ঞানিক চাষাবাদে উৎপাদন বৃদ্ধির লক্ষ্য
- কৃষকের ন্যায্যমূল্য ও প্রশিক্ষণ নিশ্চিত করার আহ্বান
কৃষির উৎপাদনশীলতা ও কৃষকের জীবনমান উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। কৃষিকে আরও উৎপাদনমুখী, লাভজনক ও টেকসই করতে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ এবং কৃষকদের প্রশিক্ষণ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তিনি।
শনিবার টাঙ্গাইলের ধনবাড়ীতে হর্টিকালচার সেন্টার আয়োজিত ‘মাঠ দিবস ও কারিগরি আলোচনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
ফকির মাহবুব আনাম বলেন, কৃষক দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকের পরিশ্রমের ওপর দেশের খাদ্যনিরাপত্তা অনেকাংশে নির্ভরশীল। তাই কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি কৃষি উৎপাদনের প্রতিটি পর্যায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা প্রয়োজন।
তিনি বলেন, কৃষি গবেষণার ফলাফল মাঠপর্যায়ে পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তি কৃষকের কাজে লাগাতে পারলে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষিকে আরও লাভজনক করা সম্ভব হবে।
মন্ত্রী আরও বলেন, বিশ্বে প্রযুক্তির দ্রুত পরিবর্তন ঘটছে। কৃষি খাতেও তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে।
কৃষকদের প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, কৃষি ও প্রযুক্তির সমন্বয় ঘটাতে পারলে দেশের কৃষি খাত আরও সমৃদ্ধ হবে।
কৃষিবিদ মো. নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুজ্জামান সুরুজ এবং ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী।
এ ছাড়া উপস্থিত ছিলেন ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ সোবহান, ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক এবং ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বপন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. আশেক পারভেজ, কৃষিবিদ ড. এ কে এম বদরুল হক, কৃষিবিদ মো. মাসুদুর রহমান এবং কৃষিবিদ মো. আবুল বাসার মিয়া।
মাঠপর্যায়ে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উন্নত চাষাবাদ পদ্ধতি এবং কৃষি উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে অনুষ্ঠানে কারিগরি আলোচনা করা হয়।
//ডিবিটেক/জেডইউটি/এসএমই/এমআইএসটি//





