ট্রাম্প-সমর্থিত ক্রিপ্টো টোকেন ওয়ার্ল্ড লিবার্টির রাতারাতি প্রায় ৫০ শতাংশ দরপতন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবারের সমর্থনপুষ্ট ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান ‘ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল’-এর টোকেনের দাম রাতারাতি প্রায় ৫০ শতাংশ কমে গেছে। রাজনৈতিকভাবে সম্পৃক্ত ডিজিটাল মুদ্রার অস্থিরতাকে আরও প্রকট করে তুলেছে এই বড় দরপতন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের সেপ্টেম্বরে লেনদেন শুরুর পর থেকে টোকেনটির দর ইতিমধ্যে ৯০ শতাংশের বেশি কমে গেছে। এক দিন আগেও যেখানে এর দাম ছিল শূন্য দশমিক শূন্য ৩৯ ডলার, সেখানে শনিবার সকালে তা নেমে আসে প্রায় শূন্য দশমিক শূন্য ১ ৮ ডলারে।
এক দিনে বড় ধাক্কা ও বাড়তি নজরদারি
শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকালের মধ্যে ঘটে যাওয়া এই দরপতন ট্রাম্প-সংশ্লিষ্ট ক্রিপ্টো সম্পদের ক্ষেত্রে অন্যতম বড় একদিনের পতন। ডিজিটাল মুদ্রার বাজারে ট্রাম্প পরিবারের ক্রমবর্ধমান সম্পৃক্ততা নিয়ে যখন নানা মহলে তীব্র নজরদারি চলছে, ঠিক তখনই এই ধাক্কা এল।
বিশ্লেষকদের মতে, এই পতন ক্রিপ্টো বাজারের ঝুঁকির দিকটিই সামনে এনেছে; যেখানে এক্সচেঞ্জগুলোর পদক্ষেপ, টোকেন আনলক এবং বাজারের তারল্যের পরিবর্তনের মতো বিষয়গুলো দামে নাটকীয় ওঠানামা ঘটাতে পারে।
বাইনান্সের ভূমিকা ও পাল্টাপাল্টি বক্তব্য
ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবারের সমর্থনে গড়ে ওঠা বিকেন্দ্রীকৃত অর্থায়ন (ডিফাই) উদ্যোগ ওয়ার্ল্ড লিবার্টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ওই টোকেনের সাথে যুক্ত চলমান পারপেচুয়াল ফিউচার্স চুক্তিগুলো স্বয়ংক্রিয়ভাবে নিষ্পত্তি ও বন্ধ করে দিয়েছে ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইনান্স।
এর পরপরই এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বাইনান্স জানায়, ‘ডব্লিউএলএফআই’ পারপেচুয়াল ফিউচার্স পজিশন সংক্রান্ত প্রতিবেদনগুলো আমাদের নজরে এসেছে। আমাদের টিম বাজারের কার্যক্রম ও লেনদেনের তথ্য সক্রিয়ভাবে পর্যালোচনা করছে।’ তবে শনিবার তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ওয়ার্ল্ড লিবার্টি ও বাইনান্সের পক্ষ থেকে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত জুনে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল যে ট্রাম্প-সংশ্লিষ্ট ক্রিপ্টো উদ্যোগগুলো থেকে ট্রাম্প পরিবার কয়েক বিলিয়ন ডলার আয় করলেও বাইরের অনেক বিনিয়োগকারীকে বড় ধরনের লোকসান গুনতে হয়েছে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স





