ফ্রিতে গান শোনার সেরা ৫ মিউজিক স্ট্রিমিং সেবা
অর্থ খরচ না করেই যাঁরা গান শুনতে চান, তাঁদের জন্য জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর ফ্রি বা বিনা মূল্যের সংস্করণ বেশ কার্যকর হতে পারে। বিজ্ঞাপন ও কিছু সীমাবদ্ধতা মেনে নিলে সাবস্ক্রিপশন ছাড়াই বিশাল গানের ভাণ্ডারে প্রবেশ করা যায়। তবে অফলাইনে গান শোনা বা উচ্চ মানের অডিওর মতো বাড়তি সুবিধার জন্য পেইড প্ল্যানে যেতে হয়।
ব্যক্তিগত পছন্দ অনুযায়ী অ্যালগরিদমভিত্তিক প্লেলিস্টের জন্য যেমন স্পটিফাই পরিচিত, তেমনি দুর্লভ ও নানা ধরনের কনটেন্টের জন্য ইউটিউব মিউজিক এবং রেডিও স্টেশনের অভিজ্ঞতা নিতে প্যান্ডোরা ও আইহার্টরেডিও বেশ জনপ্রিয়।
১. ইউটিউব মিউজিক: বৈচিত্র্য ও দুর্লভ কনটেন্ট
মেইনস্ট্রিম স্ট্রিমিং প্ল্যাটফর্ম আসার আগের পুরোনো লাইভ পারফরম্যান্স থেকে শুরু করে ভিডিও গেমের সাউন্ডট্র্যাক রিমিক্স- এ ধরনের বিচিত্র কনটেন্টে ইউটিউব মিউজিকের তুলনা কমই রয়েছে। যাঁরা দীর্ঘদিন ধরে ইউটিউব ব্যবহার করছেন, অ্যাপটি তাঁদের গানের রুচি দ্রুতই ধরে ফেলতে পারে। তবে ফ্রি সংস্করণে অডিওর মান সর্বোচ্চ ১২৮ কেবিপিএস পর্যন্ত সীমাবদ্ধ।
বিজ্ঞাপনের পাশাপাশি ফ্রি সংস্করণের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক না থাকা; অর্থাৎ গান চালিয়ে রাখতে ফোনের স্ক্রিন চালু রাখতে হয়। এই সুবিধা পেতে মাসে ১২ ডলারের পেইড প্ল্যান নিতে হবে। আর বিজ্ঞাপনমুক্ত ইউটিউব ভিডিওসহ অন্যান্য বাড়তি সুবিধার জন্য মাসে ১৬ ডলারে ইউটিউব প্রিমিয়াম নেওয়া যায়, যদিও এর পেইড সংস্করণেও অডিও কোয়ালিটি ২৫৬ কেবিপিএস।
২. স্পটিফাই: মূলধারার নির্ভরযোগ্য পছন্দ
মোবাইল ও ডেস্কটপ অ্যাপে ১৬০ কেবিপিএস অডিও কোয়ালিটির পাশাপাশি স্পটিফাইয়ের ফ্রি সংস্করণে এখন সরাসরি পছন্দের গান বেছে নেওয়ার সুযোগ রয়েছে। অ্যালগরিদম ও কিউরেটেড প্লেলিস্টের মাধ্যমে সহজেই নানা ধারা, মেজাজ বা প্রিয় শিল্পীর গান শোনা যায়; দিনের সময়ের সাথে মানানসই ‘ডে-লিস্ট’ এবং রুচি অনুযায়ী তৈরি ‘ডিসকভার উইকলি’ ফিচারগুলো বেশ জনপ্রিয়।
গানের পাশাপাশি স্পটিফাইয়ে পডকাস্টের বড় সংগ্রহ রয়েছে এবং বছর শেষে ‘স্পটিফাই র্যাপড’ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলে। সীমিত সংখ্যক গান স্কিপ করা, ফাস্ট-ফরওয়ার্ড ও অফলাইন ডাউনলোডের সীমাবদ্ধতা এবং বিজ্ঞাপন থাকলেও বিনা মূল্যে বড় লাইব্রেরি ব্যবহার করা যায়। সব ফিচার ও ২৪-বিট/৪৪.১ কিলোহার্টজ এফএলএসি মানের অডিও পেতে মাসে ১২ দশমিক ৯৯ ডলার খরচ করে স্পটিফাই প্রিমিয়াম নিতে হবে।
৩. অ্যামাজন মিউজিক: প্রাইম সদস্যদের বাড়তি সুবিধা
অ্যামাজন প্রাইম সদস্যপদ যাঁদের আছে, তাঁরা ফ্রি ডেলিভারি বা প্রাইম ভিডিওর পাশাপাশি অ্যামাজন মিউজিকও ব্যবহার করতে পারেন। স্মার্টফোন, ইকো স্পিকার ও ফায়ার টিভিতে এর লাইব্রেরি ব্যবহার করা যায় এবং স্ক্রলিং লিরিক্স ফিচারটি বেশ উপযোগী।
প্রাইমের সাথে থাকা ‘অ্যামাজন মিউজিক প্রাইম’ সংস্করণে বিজ্ঞাপন ছাড়া শাফেল প্লে এবং নির্বাচিত প্লেলিস্ট অফলাইনে শোনার সুযোগ মিললেও চাহিদামতো নির্দিষ্ট গান বাজানো বা এইচডি অডিও নেই; সেজন্য আনলিমিটেড সাবস্ক্রিপশন (প্রাইম সদস্যদের জন্য মাসে ১২ ডলার এবং অন্যদের জন্য ১৩ ডলার) প্রয়োজন। এ ছাড়া যাঁদের প্রাইম নেই, তাঁরাও সাধারণ অ্যামাজন অ্যাকাউন্ট দিয়ে বিজ্ঞাপনসহ ৩২০ কেবিপিএস মানের ফ্রি সংস্করণে স্টেশন ও প্লেলিস্ট শুনতে পারেন।
৪. প্যান্ডোরা ও আইহার্টরেডিও: নতুন গান খোঁজার মাধ্যম
প্যান্ডোরায় পছন্দের শিল্পী বা ঘরানা অনুযায়ী রেডিও স্টেশন তৈরি করা যায় এবং ‘থাম্বস আপ’ বা ‘থাম্বস ডাউন’ দিয়ে সুপারিশকে আরও নিখুঁত করা যায়। ফ্রি সংস্করণে বিজ্ঞাপন দেখার পর ৬৪ কেবিপিএস মানে নির্দিষ্ট গানও শোনা যায়, তবে গান রিপিট বা পেছনে গেলে বিজ্ঞাপন আসে। মাসে ৫ দশমিক ৯৯ ডলারের ‘প্লাস’ প্ল্যানে বিজ্ঞাপনমুক্ত স্টেশন, অফলাইন প্লেব্যাক, সীমাহীন স্কিপ এবং ১৯২ কেবিপিএস অডিও পাওয়া যায়।
অন্যদিকে আইহার্টরেডিওতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের লাইভ এএম/এফএম স্টেশন, মর্নিং শো, স্থানীয় সংবাদ এবং ১২৮ কেবিপিএস মানের আর্টিস্ট রেডিও শোনার সুযোগ রয়েছে। সীমাহীন স্কিপের জন্য মাসে ৫ দশমিক ৯৯ ডলারের প্লাস প্ল্যান এবং অফলাইন ডাউনলোড ও অন-ডিমান্ড প্লেব্যাকের জন্য মাসে ১১ দশমিক ৯৯ ডলারের ‘অল অ্যাক্সেস’ সাবস্ক্রিপশন নিতে হয়।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট





