লাইসেন্সমুক্ত এজ পপ স্থাপন, ব্যাকবোন সংযোগ ও জিরো-কস্ট পিয়ারিংয়ে লিখিত নিশ্চয়তার আবেদন
বাংলাদেশে নিজস্ব পপস ও ব্যাকবোন সংযোগে বিটিআরসির আনুষ্ঠানিক অনুমোদন চাইল মেটা
- বাংলাদেশে নিজস্ব এজ পপস স্থাপন, পরিচালনা ও ব্যাকবোন সংযোগে বিটিআরসির লিখিত অনুমোদন চেয়েছে মেটা
- প্রচলিত টেলিকম লাইসেন্স ছাড়াই ক্যারিয়ার-নিউট্রাল ডেটা সেন্টারে অবকাঠামো বসানোর আবেদন
- স্থানীয় আইএসপি, আইআইজি ও এমএনওর সঙ্গে জিরো-কস্ট বা সেটেলমেন্ট-ফ্রি পিয়ারিংয়ের অনুমতি দাবি
- আইনি ও নীতিগত নিশ্চয়তা পেলে অবকাঠামো স্থাপনে মূলধনী বিনিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রতিষ্ঠানটি
বাংলাদেশে নিজস্ব কনটেন্ট ও সেবা আরও দ্রুত ও স্থিতিশীলভাবে পৌঁছে দিতে স্থানীয় অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে আনুষ্ঠানিক লিখিত অনুমোদন ও নিশ্চয়তা চেয়েছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ‘এজ নেটওয়ার্ক সার্ভিসেস লিমিটেড’ বিটিআরসি চেয়ারম্যান বরাবর এ-সংক্রান্ত আনুষ্ঠানিক আবেদনপত্র জমা দিয়েছে
আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, গত ১৩ আগস্ট ২০২৬ তারিখে বিটিআরসির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে কমিশন জানিয়েছিল যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর আওতায় বাংলাদেশে মেটার অংশীদারদের মাধ্যমে এজ পয়েন্টস অব প্রেজেন্স (‘পপস’) স্থাপনের জন্য প্রচলিত কোনো টেলিযোগাযোগ লাইসেন্সের প্রয়োজন নেই
১. প্রচলিত লাইসেন্স ছাড়াই পপস স্থাপন ও পরিচালনা: মেটা অনুরোধ জানিয়েছে, অংশীদারদের মাধ্যমে বাংলাদেশে নিজস্ব পপ ইকুইপমেন্ট স্থাপন, মালিকানা গ্রহণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের লিখিত অনুমোদন দেওয়া হোক
২. ব্যাকবোন অবকাঠামোর সঙ্গে পপসের সংযোগ: সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, আন্তঃসীমান্ত টেরেস্ট্রিয়াল ব্যাকবোন সংযোগ ও স্থানীয়/আন্তর্জাতিক টেরেস্ট্রিয়াল ব্যাকহলকে বাংলাদেশে মেটার নিজস্ব পপ অবকাঠামোর সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে আলাদা কোনো ইন্টারকানেকশন লাইসেন্স বা অতিরিক্ত নিয়ন্ত্রক অনুমোদনের প্রয়োজন হবে না—এমন লিখিত নিশ্চয়তা চেয়েছে প্রতিষ্ঠানটি
৩. সেটেলমেন্ট-ফ্রি বা জিরো-কস্ট পিয়ারিং ও ইন্টারকানেকশন: কোনো টেলিযোগাযোগ লাইসেন্স, পারমিট বা বাড়তি অনুমোদন ছাড়াই স্থানীয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি), ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি), মোবাইল নেটওয়ার্ক অপারেটর (এমএনও) ও অন্যান্য অপারেটরের সঙ্গে ‘সেটেলমেন্ট-ফ্রি’ বা জিরো-কস্ট ভিত্তিতে পিয়ারিং ও ইন্টারকানেকশন চুক্তি করার অনুমোদন চেয়েছে মেটা
আইনগত ও নীতিগত ভিত্তি হিসেবে মেটা টেলিযোগাযোগ আইনের ৩(৩), ৩০, ৩১ ও ৩৬ ধারা এবং লাইসেন্সিং পলিসি ২০২৫-এর ৭.২.১০ দফার কথা উল্লেখ করেছে
বিষয়টিকে স্বাগত জানিয়েছেন ইন্টারনেট সেবাদাতারাও।
তৃণমূলে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি জ্যেষ্ঠ সহ সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক এই আবেদনকে স্বাগত জানিয়ে বলেন, কেবল অনুমোদনের কাগজে সীমাবদ্ধ না রেখে এই অবকাঠামো যেন স্থানীয় প্রকৌশলী, ডেটা সেন্টার ও কানেক্টিভিটি খাতের সক্ষমতা বৃদ্ধিতে বাস্তব ও দীর্ঘমেয়াদি অবদান রাখে, সে লক্ষ্যে স্বচ্ছ ও জবাবদিহিমূলক অনুমোদন প্রক্রিয়া অনুসরণ করা উচিত। এতে করে সরকারের রাজস্বও বাড়বে বলে মনে করেন তিনি।
এ বিষয়ে আইএসপিএবি মহাসচিব নাজমুল করিম ভূঁইয়াও একই মত দিলেন। তিনি বলেছেন, মেটাকে এই অনুমতি দিলে অবশ্যই বাংলাদেশের উপকার হবে যাতে ইন্টারনেটের গতি আরো বেড়ে যাবে দেশ এগিয়ে যাবে। বাংলাদেশের মানুষ নিরবিচ্ছিন্ন একটি কানেক্টিভিটি পাবে যার ফলে ব্যবসা-বাণিজ্য গতি ফিরে আসবে।
একই বিষয়ে বাংলাদেশ সাবমেরিন কোম্পানি’র ডিজিএম এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল হক বলেন, বাংলাদেশে মেটার পয়েন্ট অব প্রেজেন্স (PoP) স্থাপনের উদ্যোগ নিঃসন্দেহে একটি ইতিবাচক অগ্রগতি। আশা করা যাচ্ছে, এর ফলে খুব শিগগিরই গুগল, আকামাইসহ বিশ্বের অন্যান্য হাইপারস্কেলার প্রযুক্তি প্রতিষ্ঠানও বাংলাদেশে তাদের কার্যক্রম সম্প্রসারণ করবে। তবে বিষয়টি শুধু দ্রুত ইন্টারনেট সেবা পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বাংলাদেশের ডিজিটাল স্বাধীনতা, ডেটা সার্বভৌমত্ব এবং নিজস্ব ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। বিটিআরসির উচিত মেটার প্রস্তাবকে ইতিবাচকভাবে বিবেচনা করা। তবে অনুমতির ক্ষেত্রে জাতীয় স্বার্থ, নেটওয়ার্ক নিরাপত্তা, ন্যায্য প্রতিযোগিতা এবং স্থানীয় লাইসেন্সধারী অপারেটরদের ভূমিকা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক সংযোগের ক্ষেত্রে দেশের নিজস্ব সাবমেরিন ক্যাবল অবকাঠামোকে যথাযথভাবে কাজে লাগানোও জরুরি।
তিনি আরও বলেন, আমাদের নির্ভরযোগ্য সাবমেরিন ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে পূর্ব ও পশ্চিম—উভয় দিকেই আন্তর্জাতিক সংযোগ রয়েছে। এর সঙ্গে মেটা, গুগল, আকামাইসহ বৈশ্বিক হাইপারস্কেলারদের স্থানীয় উপস্থিতি এবং নিজস্ব এজ ডেটা সেন্টার গড়ে উঠলে প্রতিবেশী দেশের ওপর অপ্রয়োজনীয় নির্ভরতা কমবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত শুধু বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানকে বাংলাদেশে নিয়ে আসা নয়, বরং বাংলাদেশকে একটি শক্তিশালী আঞ্চলিক ডিজিটাল কানেক্টিভিটি ও কনটেন্ট ডিস্ট্রিবিউশন হাবে পরিণত করা।
এভাবেই টেলিকম নীতি বিশ্লেষকরা এই আবেদনকে স্বাগত জানিয়ে বিষয়টি আরেকটু খতিয়ে দেখতে চান। তাদের মতে, বর্তমান সময়ে যেখানে টেলিকম লাইসেন্সিং নীতিমালা পর্যালোচনা ও হালনাগাদের প্রক্রিয়া চলমান রয়েছে, সেখানে বৈশ্বিক কনটেন্ট জায়ান্টদের জন্য ‘লাইসেন্স ছাড়া নিজস্ব ব্যাকবোন ও পপ পরিচালনা’র বিষয়টি সুনির্দিষ্ট শর্ত ও সীমানার মধ্যে সংজ্ঞায়িত করা জরুরি। অস্পষ্টতা থাকলে ভবিষ্যতে নীতিগত বিরোধ বা নিয়ন্ত্রক জটিলতা তৈরি হতে পারে। সেটেলমেন্ট-ফ্রি পিয়ারিংয়ের ফলে ব্যবহারকারীরা কম লেটেন্সি ও উন্নত গতির অভিজ্ঞতা পেলেও স্থানীয় আইএসপি, আইআইজি ও ব্যান্ডউইথ ইকোসিস্টেমের বাণিজ্যিক ভারসাম্য ও রাজস্ব কাঠামোর ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব যাচাই করা প্রয়োজন। বিশেষ করে দেশীয় অবকাঠামো বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় ভারসাম্যপূর্ণ নীতি থাকা উচিত। বৈশ্বিক প্রতিষ্ঠানের নিজস্ব ব্যাকবোন, ক্রস-বর্ডার সংযোগ ও কো-লোকেশন সুবিধা সম্প্রসারিত হলে ডেটা লোকালাইজেশন, সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় আইনি কাঠামো এবং ডিজিটাল সার্বভৌমত্বের বিষয়গুলো সুস্পষ্ট বিধিমালায় যুক্ত রাখা টেকসই সমাধানের জন্য অপরিহার্য।
//ডিবিটেক/আইএইচ/এসএমই/এমআইএসটি//





