নাইক্ষ্যংছড়ি সীমান্তে আধুনিক প্রযুক্তিগত নজরদারি
চোরাচালান ও অনুপ্রবেশ রোধে নাইক্ষ্যংছড়ি সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার বিজিবির
- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আধুনিক প্রযুক্তিগত নজরদারি বৃদ্ধি
- দিন-রাত পর্যবেক্ষণে যুক্ত ড্রোন, এটিভি ও অ্যান্টি-ড্রোন জ্যামার
- সীমান্ত নিরাপত্তা অটুট রাখতে তৎপরতা অব্যাহত রাখার ঘোষণা
চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ও দুর্গম পাহাড়ি এলাকায় আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১১ বিজিবি)। উপজেলার গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে ইতিমধ্যে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সীমান্ত এলাকায় দিন-রাত নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণের জন্য যুক্ত করা হয়েছে ড্রোন ও অল-টেরেইন ভেহিকেল (এটিভি)। এ ছাড়া অ্যান্টি-ড্রোন জ্যামার, থার্মাল ইমেজার, নাইট ভিশন বাইনোকুলার ও গগলস, সাধারণ বাইনোকুলার, মাইন ডিটেক্টর, আন্ডার ভেহিকেল সার্চ মিরর এবং বডি-ওর্ন ক্যামেরার মতো অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এসব প্রযুক্তির সমন্বিত ব্যবহার গোয়েন্দা নজরদারি শাণিত করার পাশাপাশি দুর্গম এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বহুগুণ বাড়িয়েছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে গোয়েন্দা নজরদারি জোরদার, সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের কাজ নিয়মিত চলছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা অটুট রাখতে ভবিষ্যতেও এ তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
//ডিবিটেক/এনএসপি/ডিআরই/এফওইডি//





