এভিয়েশন পর্যটন কনটেন্টে স্বীকৃতি
এভিয়েশন-পর্যটন কনটেন্টে অ্যাওয়ার্ড পেলেন আশরাফুল আলম
- এভিয়েশন ও পর্যটন কনটেন্টে অবদানের স্বীকৃতি
- পাঁচ লাখের বেশি অনুসারী ‘গো উইথ আশরাফুল আলম’ প্ল্যাটফর্মে
- বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপোতে সম্মাননা প্রদান
এভিয়েশন ও পর্যটনশিল্পকে ডিজিটাল মাধ্যমে তুলে ধরার স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ‘ইনফ্লুয়েন্সার অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড’ পেয়েছেন কনটেন্ট নির্মাতা আশরাফুল আলম। ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইট্যাব) আয়োজিত ‘বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো ২০২৬’ অনুষ্ঠানে এভিয়েশন ও ট্রাভেল বিভাগে অবদানের জন্য তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
‘গো উইথ আশরাফুল আলম’ নামের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দীর্ঘদিন ধরে এভিয়েশন, পর্যটন, ভ্রমণ অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন আশরাফুল আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই প্ল্যাটফর্মের অনুসারী সংখ্যা পাঁচ লাখের বেশি।
এভিয়েশন কনটেন্টের পাশাপাশি দেশের ভ্রমণ ও পর্যটন খাতের নানা বিষয় সাধারণ মানুষের কাছে সহজ, তথ্যবহুল ও আকর্ষণীয়ভাবে তুলে ধরছেন তিনি।
আশরাফুল আলমের এভিয়েশনবিষয়ক কনটেন্টে বাংলাদেশের বিমান পরিবহনশিল্প, বিভিন্ন এয়ারলাইনস, উড়োজাহাজ, পাইলট ও কেবিন ক্রুদের পেশাগত জীবন, বিমানবন্দরের কার্যক্রম এবং আকাশপথে ভ্রমণের অভিজ্ঞতা গুরুত্ব পেয়েছে।
এভিয়েশন খাতের পেশাজীবীদের সাক্ষাৎকারের মাধ্যমে এই শিল্পের কর্মপরিবেশ, সম্ভাবনা ও চ্যালেঞ্জ সাধারণ মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছেন তিনি।
বাংলাদেশের পর্যটন সম্ভাবনা, ঐতিহাসিক স্থান, স্থানীয় সংস্কৃতি, মানুষের জীবনযাত্রা এবং বিভিন্ন অঞ্চলের অজানা গল্প তুলে ধরার প্রতিও তার বিশেষ আগ্রহ রয়েছে।
দেশের বিভিন্ন পর্যটন গন্তব্য ঘুরে সেখানকার অভিজ্ঞতা, ইতিহাস ও বাস্তব চিত্র ভিডিও এবং ফটোগ্রাফির মাধ্যমে দর্শকদের সামনে উপস্থাপন করছেন তিনি। দেশের বাইরের ভ্রমণ অভিজ্ঞতাও তার কনটেন্টে স্থান পেয়েছে।
আশরাফুল আলমের কনটেন্ট তৈরির যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশের গ্রামবাংলার ইতিহাস ও ঐতিহ্যকে কেন্দ্র করে। সময়ের সঙ্গে এভিয়েশন ও ভ্রমণ যুক্ত হলেও দেশের প্রকৃতি, সংস্কৃতি এবং মানুষের গল্প তুলে ধরার আগ্রহ তাঁর কাজের অন্যতম অনুপ্রেরণা হিসেবে রয়েছে।
পুরস্কার অর্জনের অনুভূতি জানিয়ে আশরাফুল আলম বলেন, “এই স্বীকৃতি আমার জন্য আনন্দের পাশাপাশি নতুন দায়িত্বও তৈরি করেছে। এভিয়েশন ও ভ্রমণ, দুটি ক্ষেত্রই বাংলাদেশের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। আমাদের দেশের পর্যটন গন্তব্য, মানুষের গল্প, সংস্কৃতি এবং এভিয়েশন শিল্পের অনেক বিষয় এখনো সাধারণ মানুষের কাছে সেভাবে পৌঁছায়নি। আমি চেষ্টা করছি কনটেন্টের মাধ্যমে সেই গল্পগুলো তুলে ধরতে, যেন মানুষ শুধু বিনোদনই না পায়, বরং নতুন কিছু জানতে পারে এবং নিজের দেশকে নতুনভাবে আবিষ্কার করতে আগ্রহী হয়।”
তিনি আরও বলেন, “একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাসযোগ্য তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং দর্শকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি করা। এই পুরস্কার সামনে আরও ভালো ও দায়িত্বশীল কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”
পর্যটন ও এভিয়েশনসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বাংলাদেশের পর্যটন এবং বিমান পরিবহনশিল্পকে ডিজিটাল মাধ্যমে তুলে ধরতে কনটেন্ট নির্মাতাদের ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে দেশের পর্যটন সম্ভাবনা ও এভিয়েশনশিল্পের বিভিন্ন দিক পরিচিত করতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখছে।
//ডিবিটেক/এএসএ/এমআরএফ/এসএমই//





