অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ

কয়লা-এলএনজি প্রকল্পের জমিতে ৫৪৬১ মেগাওয়াট সৌরবিদ্যুতের সম্ভাবনা

  • ১৩টি বিদ্যুৎকেন্দ্রের অব্যবহৃত জমি সৌরবিদ্যুতের উপযোগী
  • ২০ বছরে এলএনজি আমদানি ব্যয় সাশ্রয় হতে পারে ৩.১৫ লাখ কোটি টাকা
  • সৌরবিদ্যুৎ উৎপাদনে কার্বন নিঃসরণ কমানোর বড় সুযোগ

কয়লা-এলএনজি প্রকল্পের জমিতে ৫৪৬১ মেগাওয়াট সৌরবিদ্যুতের সম্ভাবনা
২৯ নভেম্বর, ২০২৬ ২১:৫৬  

দেশের ১৩টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও এলএনজি পাওয়ার হাবের জন্য অধিগ্রহণ করা অব্যবহৃত জমিতে ৫ হাজার ৪৬১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এসব স্থাপনায় অধিগ্রহণ করা মোট ১৪ হাজার ১৬৬ একর অব্যবহৃত জমির মধ্যে ১২ হাজার ৩৯ একর সৌর প্যানেল স্থাপনের উপযোগী। এই জমি কাজে লাগানো গেলে একদিকে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন বাড়বে, অন্যদিকে এলএনজি আমদানি ব্যয় ও কার্বন নিঃসরণ কমানোর সুযোগ তৈরি হবে।

২৯ নভেম্বর, রবিবার রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে চলমান চতুর্থ বাংলাদেশ জ্বালানি সম্মেলনে উপস্থাপিত এক গবেষণায় এসব তথ্য তুলে ধরা হয়।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত সৌরবিদ্যুৎ প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ২০ বছরে প্রায় ৩ লাখ ১৫ হাজার ৫১৯ কোটি টাকা বা ২৫ দশমিক ২৭ বিলিয়ন মার্কিন ডলারের এলএনজি আমদানি ব্যয় সাশ্রয় করা সম্ভব। একই সময়ে সমপরিমাণ কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের তুলনায় প্রায় ১৫ কোটি ৪৮ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ এড়ানো যাবে।

দেশে এলএনজি আমদানির কারণে সরকারের ওপর ক্রমবর্ধমান আর্থিক চাপের বিষয়টিও সম্মেলনে গুরুত্ব পেয়েছে। চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে এলএনজি খাতে ভর্তুকি দিতে হয়েছে ৩৪ হাজার কোটি টাকা। এ পরিস্থিতিতে নতুন এলএনজি টার্মিনাল নির্মাণের পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহার সম্প্রসারণে সরকারের মনোযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সম্মেলনে উপস্থাপিত আরেক গবেষণায় বাংলাদেশে বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকগুলোর জীবাশ্ম জ্বালানিতে অর্থায়নের চিত্র তুলে ধরা হয়। গবেষণা অনুযায়ী, ২০০০ থেকে ২০২৬ সাল পর্যন্ত এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) এবং বিশ্বব্যাংক গ্রুপ বাংলাদেশের জ্বালানি খাতে মোট ১৫ দশমিক ২৪৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করেছে। এর মধ্যে ৬ হাজার ৪৮৫ মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার জন্য ৩ দশমিক ৯০৯ বিলিয়ন ডলার অর্থায়নের তথ্য চিহ্নিত করা হয়েছে।

গবেষণার প্রাক্কলন অনুযায়ী, এসব বিদ্যুৎকেন্দ্রের সম্ভাব্য মেয়াদকালে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ১৯০ দশমিক ৪১ থেকে ৪০৪ দশমিক ৬১ মিলিয়ন টন হতে পারে। এর সামাজিক কার্বন ব্যয় ৯ দশমিক ১৯ থেকে ১৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলার পর্যন্ত দাঁড়াতে পারে। গবেষণায় বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানিতে অর্থায়নের দীর্ঘমেয়াদি সামাজিক ও জলবায়ুগত ক্ষতির আর্থিক মূল্য বিবেচনায় নেওয়া জরুরি।

সম্মেলনের আরেকটি আলোচনায় মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা) আইন, ২০২৬-এর সাংবিধানিক ও পরিবেশগত প্রভাব তুলে ধরা হয়। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশগত সুরক্ষা, স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

গত আগস্টে দায়ের করা একটি রিটে আইনটির নয়টি ধারা চ্যালেঞ্জ করা হয়। রিটে নির্বাহী ক্ষমতার কেন্দ্রীকরণ, পরিবেশগত ছাড়পত্র ও জনপরামর্শের ঘাটতি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্তৃত্ব ক্ষুণ্ন হওয়ার আশঙ্কার বিষয়গুলো উচ্চ আদালতে তুলে ধরা হয়। এ বিষয়ে ২৫ আগস্ট হাইকোর্ট রুল জারি করেন। সম্মেলনে উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর ভূমি, জীবিকা, পরিবেশ ও সাংবিধানিক অধিকার সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পায়।

মিডা আইন এবং মহেশখালীতে জীবাশ্ম জ্বালানিভিত্তিক প্রকল্পের হালনাগাদ তথ্য, গবেষণা ও আইনি বিশ্লেষণ প্রকাশের জন্য বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন কর্মজোটের (বিডব্লিউজিইডি) অধীনে একটি ওয়েবসাইট কাজ করবে বলে সম্মেলনে জানানো হয়।

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর অংশীদার হিসেবে গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের সরকারি ভবন, বাজার, হাসপাতাল এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ তুলে ধরা হয়। এ ক্ষেত্রে নেট মিটারিং, আর্থিক প্রণোদনা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব কাজে লাগানোর সুপারিশ করা হয়।

পাশাপাশি কৃষক সমবায়ের মাধ্যমে কমিউনিটি মালিকানাধীন সৌরবিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলা, স্থানীয় পর্যায়ে দক্ষ জনবল তৈরি এবং কর্মসংস্থান বাড়ানোর প্রস্তাবও আলোচনায় আসে।

‘জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই’ প্রতিপাদ্যে ২৮ থেকে ৩০ নভেম্বর রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে তিন দিনব্যাপী চতুর্থ বাংলাদেশ জ্বালানি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাড়ে তিন শতাধিক অংশীজন অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন নীতিনির্ধারক, সরকারি ও নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিনিয়োগকারী, নবায়নযোগ্য জ্বালানি উদ্যোক্তা, গবেষক, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং তরুণেরা।

সম্মেলনের ১৩টি বিষয়ভিত্তিক অধিবেশনে জ্বালানি নীতি ও প্রাতিষ্ঠানিক সংস্কার, এলএনজি ও কয়লাভিত্তিক জ্বালানি সম্প্রসারণের ঝুঁকি, জ্বালানি রূপান্তরে অর্থায়ন, আঞ্চলিক সহযোগিতা, শিল্প খাতের কার্বন নিঃসরণ কমানো এবং বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকের ভূমিকা নিয়ে আলোচনা হচ্ছে। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি প্রসারে স্থানীয় সরকারের ভূমিকা, জ্বালানি ন্যায়বিচারে গণমাধ্যমের ভূমিকা, তরুণদের কর্মসংস্থান এবং শ্রমিক, আদিবাসী ও নারীদের অংশগ্রহণ নিয়েও অধিবেশন রয়েছে।

২০২৩ সালের এপ্রিলে প্রথম বাংলাদেশ জ্বালানি সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় ২০২৪ ও ২০২৫ সালে দ্বিতীয় ও তৃতীয় সম্মেলন আয়োজন করা হয়।

বিডব্লিউজিইডির উদ্যোগে দেশের ১৪টি সংগঠনের সহযোগিতায় এবারের সম্মেলন আয়োজন করা হয়েছে। সম্মেলনের আলোচনা ও সুপারিশের ভিত্তিতে শেষ দিনে একটি ঘোষণাপত্র প্রকাশের পরিকল্পনা রয়েছে।

//ডিবিটেক/এসসি/ডিআরই/এফওইডি//