ভুটানে এশিয়া হাব গড়তে প্রাথমিক অনুমোদন পেল বাইনান্স
ভুটানের গেলেফু সেন্ট্রাল ব্যাংক (জিসিবি) থেকে নিয়ন্ত্রিত ডিজিটাল অ্যাসেট কার্যক্রম শুরুর প্রাথমিক বা নীতিগত অনুমোদন পেয়েছে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইনান্স।
আগামী বছর এশিয়ার অন্তত পাঁচটি বাজারে সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে হিমালয়ের এই দেশটিতে আঞ্চলিক হাব গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি।
শুক্রবার এক বিবৃতিতে বাইনান্স জানায়, এই অনুমোদন কেবল প্রাথমিক ধাপ; এটি পূর্ণাঙ্গ লাইসেন্স নয়। নিয়ন্ত্রিত কার্যক্রম শুরু করার আগে গেলেফু সেন্ট্রাল ব্যাংকের নির্ধারিত শর্তাবলি পূরণ করতে হবে।
হ্যাকের ধাক্কা সামলে নতুন বাজারের খোঁজগত মাসে বাইনান্সে বড় ধরনের নিরাপত্তা ত্রুটি ও সাইবার হামলার ঘটনা ঘটে, যার পেছনে উত্তর কোরিয়ার হাত রয়েছে বলে দাবি করেছে মার্কিন কর্তৃপক্ষ। ওই হামলায় প্রায় ৬৩০ কোটি মার্কিন ডলার চুরি হয়েছিল এবং পরবর্তী দুই দিন ব্যবহারকারীদের উত্তোলন (উইথড্র) কার্যক্রম বন্ধ রাখা হয়।
চলতি সপ্তাহের শুরুতে বাইনান্স জানিয়েছে, উত্তোলন ব্যবস্থা পুনরুদ্ধারের কাজ শেষ হয়েছে এবং নতুন করে তহবিল না তুলেই হামলার ক্ষতি পুষিয়ে নেওয়ার সক্ষমতা তাদের রয়েছে।
এর মধ্যেই এশিয়ায় ব্যবসার পরিধি বাড়াতে সক্রিয় হয়েছে প্রতিষ্ঠানটি। চলতি মাসের শুরুতে রয়টার্সকে বাইনান্সের এশিয়া-প্যাসিফিক বিভাগের প্রধান এসবি সেকার জানান, অন্তত পাঁচ থেকে ছয়টি বাজার নিয়ে তাঁদের আলোচনা চলছে, যার মধ্যে তিনটি বেশ অগ্রসর পর্যায়ে রয়েছে।
তবে নতুন কোন কোন বাজারের কথা ভাবা হচ্ছে, তা তিনি নির্দিষ্ট করে বলেননি। বর্তমানে ১৫টি বাজারে বাইনান্সের পরিচালন লাইসেন্স রয়েছে এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াকে অগ্রাধিকার দিচ্ছে তারা।
ভুটানে কী করবে বাইনান্স?
বাইনান্সের বিবৃতি অনুযায়ী, ভুটানের সাথে এই অংশীদারত্বের আওতায় সেখানে সক্রিয় কার্যক্রম শুরু করা হবে; যার মধ্যে স্থানীয় পর্যায়ে নিয়োগ এবং ডিজিটাল অ্যাসেটে বিনিয়োগের বিষয়টি যুক্ত রয়েছে।
বিবৃতিতে এসবি সেকার বলেন, ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটিতে একটি এশিয়া হাব গড়ে তোলার সিদ্ধান্তটি কৌশলগত; যা স্পষ্ট ও প্রগতিশীল নিয়ন্ত্রক কাঠামোর আওতায় কাজ করার প্রতি বাইনান্সের অঙ্গীকারকেই তুলে ধরে।’
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স





