৬৪ জেলায় ডায়ালাইসিস সেবার উদ্যোগ

এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালুর ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

  • আগামী এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার
  • দেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ বিভিন্ন ধরনের কিডনি রোগে আক্রান্ত
  • প্রাথমিক পর্যায়ে কিডনি রোগ শনাক্তে কাজ করবেন এক লাখ স্বাস্থ্যকর্মী

এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালুর ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
২৮ নভেম্বর, ২০২৬ ২০:৫৪  

আগামী এক বছরের মধ্যে দেশের ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি জানান, দেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ বিভিন্ন ধরনের কিডনি রোগে আক্রান্ত এবং তাঁদের অনেকেই দীর্ঘমেয়াদী ক্ষতির বিষয়টি জানেন না। এই পরিস্থিতি মোকাবিলায় জেলা পর্যায়ে ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

২৮ নভেম্বর, শনিবার বিকেলে রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্স’ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের পাশাপাশি কিডনি রোগও প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ে এ রোগ শনাক্তকরণে সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী কাজ করবেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, সারা দেশে কিডনি সেবা ছড়িয়ে দিতে দক্ষ জনবল তৈরিতে সরকারি ও বেসরকারি সংস্থার সহায়তায় প্রশিক্ষণ শুরু হয়েছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত নার্স এবং মেডিকেল টেকনোলজিস্টদের সমন্বয়ে জেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কিডনি সেবা নিশ্চিত করা হবে। কিডনি রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ—এই তিনটি রোগের সব ধরনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর বলে জানান তিনি।

কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. হারুন-উর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্সের সভাপতি অধ্যাপক আলেসান্দ্রো বালদুচ্চি এবং সংগঠনটির মহাসচিব ও নবনির্বাচিত সভাপতি অধ্যাপক দিনা আবদেল লতিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক রুহুল আমিন রুবেল।

//ডিবিটেক/এনএসসি/ডিআরই/এফওইডি//