স্থানীয় এলসি লেনদেনে ডিজিটাল সমন্বয়
‘বার্তা’ প্ল্যাটফর্মে ডিজিটাল হচ্ছে আর্থিক লেনদেন
- স্থানীয় এলসি তথ্য আদান-প্রদানে চালু ‘বার্তা’
- বছরে নিট ৬১ লাখ ডলার সাশ্রয়ের প্রত্যাশা
- ব্যাংক, বিমা ও পুঁজিবাজারে ডিজিটাল আন্তঃসংযোগের উদ্যোগ
আর্থিক খাতের লেনদেনকে সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে স্থানীয় ঋণপত্রের (এলসি) তথ্য আদান-প্রদানের অনলাইন প্ল্যাটফর্ম ‘বার্তা’ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যবস্থায় কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর নিজস্ব নেটওয়ার্কে এলসির তথ্য আদান-প্রদান করা যাবে। এতে বিদেশি মেসেজিং নেটওয়ার্কের ওপর নির্ভরতা কমবে এবং বছরে নিট প্রায় ৬১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সাশ্রয়ের প্রত্যাশা করা হচ্ছে।
ব্যাংক, বিমা ও পুঁজিবাজারসহ আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ডিজিটাল আন্তঃসংযোগ গড়ে তোলার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে ‘বার্তা’ চালু করা হয়েছে। এর মাধ্যমে আর্থিক লেনদেনে স্বচ্ছতা বাড়ানো, অনিয়ম বন্ধ করা এবং ব্যবসার খরচ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
২৮ নভেম্বর, শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে প্ল্যাটফর্মটির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। এ সময় বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
দ্রুত হবে এলসি খোলা ও নিষ্পত্তি
অনুষ্ঠানে জানানো হয়. ‘বার্তা’ প্ল্যাটফর্মে একটি ব্যাংক এলসি খুললে সংশ্লিষ্ট সরবরাহকারীর ব্যাংক তাৎক্ষণিক জানতে পারবে। এলসিতে কোনো সংশোধন প্রয়োজন হলে দ্রুত তা করা যাবে। এতে এলসি খোলা, সংশোধন, নিশ্চিতকরণ এবং নথি আদান-প্রদানে সময় কমবে।
এলসির সব তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত থাকায় কোনো বিরোধ তৈরি হলে প্রয়োজনীয় নথি দ্রুত সংগ্রহ করা সম্ভব হবে। পাশাপাশি এলসি খোলা থেকে নিষ্পত্তি পর্যন্ত পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারবে কেন্দ্রীয় ব্যাংক।
আগে বাণিজ্যিক ব্যাংকগুলো তথ্য সরবরাহ না করলে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারিতে তাৎক্ষণিক সব তথ্য আসত না। নতুন ব্যবস্থায় কোনো এলসি মেয়াদোত্তীর্ণ বা বকেয়া থাকলে দ্রুত শনাক্ত করা সম্ভব হবে বলে জানান কর্মকর্তারা।
আর্থিক খাতে সমন্বিত ডিজিটাল ব্যবস্থা
উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের অর্থনীতিকে আন্তর্জাতিক বাণিজ্যের গতির সঙ্গে তাল মেলাতে হলে আর্থিক খাতের লেনদেন ডিজিটাল করতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদানের সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
বিশ্ববাণিজ্য ও বিনিয়োগ এখন বাস্তব সময়ে পরিচালিত হচ্ছে। বাংলাদেশের অর্থনীতিকেও সেই গতির সঙ্গে তাল মেলাতে হবে। বিভিন্ন মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্যব্যবস্থা বিচ্ছিন্ন থাকলে ব্যবসার খরচ কমানো এবং স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব নয়।
কেন্দ্রীয় ব্যাংক, পুঁজিবাজার ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃসংযোগ থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও নানা অনিয়ম হয়েছে। প্রিমিয়াম পরিশোধ না করেই অর্থ গ্রহণের ঘটনা ঘটেছে, যার ফলে সংশ্লিষ্ট সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। পণ্য রপ্তানির বিপরীতে ব্যাক টু ব্যাক ঋণপত্র খোলার ক্ষেত্রেও অনেক অনিয়ম ও কলঙ্ক রয়েছে।
সরকার সবকিছু তৈরি করে দেবে, এরপর ব্যবসায়ীরা কাজ করবেন—এমনটি নয়। সবাইকে এগিয়ে আসতে হবে বলে জানান তিনি।
বিমা ও ব্যাক টু ব্যাক এলসিতে স্বচ্ছতা
বিমা খাতের অনিয়ম তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে বিমার প্রিমিয়াম পরিশোধ না করেই কাভার নোট নেওয়া হয়েছে। এমনকি এক হাজার কোটি টাকার পণ্য আমদানির ক্ষেত্রেও প্রিমিয়াম পরিশোধ না করে কাভার নোট নেওয়ার ঘটনা রয়েছে।
এর ফলে সরকার রাজস্ব হারিয়েছে, বিমা কোম্পানির শেয়ারহোল্ডাররা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সংশ্লিষ্ট পক্ষগুলো নানা সমস্যায় পড়েছে।
এ ধরনের অনিয়ম বন্ধে বাংলাদেশ ব্যাংক, এলসি খোলা ব্যাংক ও বিমা কোম্পানিগুলোর মধ্যে ডিজিটাল সংযোগ তৈরি করা হচ্ছে। ব্যাক টু ব্যাক এলসির ক্ষেত্রেও স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
একই ব্যবস্থায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, তালিকাভুক্ত কোম্পানি এবং ব্রোকারেজ হাউসগুলোকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, অটোমেশন শুধু দক্ষতা বাড়ায় না; ব্যবসার খরচ কমায় এবং স্বচ্ছতা নিশ্চিত করে। গোপন লেনদেন ও অনিয়মের কারণে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। ডিজিটাল ব্যবস্থা চালু হলে এসব অনিয়ম বন্ধ করা সম্ভব হবে।
বছরে সাশ্রয় ৬১ লাখ ডলার
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, এতদিন স্থানীয় ও আন্তর্জাতিক এলসির তথ্য আদান-প্রদানে সুইফট (SWIFT) নেটওয়ার্ক ব্যবহার করা হতো। স্থানীয় এলসির তথ্যও প্রথমে বিদেশি নেটওয়ার্কে পাঠানো হতো। সেখান থেকে সংশ্লিষ্ট ব্যাংকে পৌঁছানোর পর ব্যাংক সরবরাহকারীকে তথ্য দিত।
এ প্রক্রিয়ায় প্রতিটি এলসির জন্য গড়ে প্রায় এক হাজার ৫০০ টাকা খরচ হতো, যা বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে হতো। পাশাপাশি এলসির তথ্য দেশের ভেতরে কেন্দ্রীয়ভাবে সংরক্ষণের সুযোগ ছিল না। পুরোনো তথ্য প্রয়োজন হলে সুইফটের কাছে আলাদাভাবে আবেদন করে সংগ্রহ করতে হতো।
নতুন ‘বার্তা’ প্ল্যাটফর্মে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর নিজস্ব নেটওয়ার্কে তথ্য আদান-প্রদান হবে। এতে বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য পাঠানোর প্রয়োজন হবে না। প্রতিটি এলসির তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত থাকবে এবং প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক থেকে দ্রুত সংগ্রহ করা যাবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে ৫ লাখ ৭৯ হাজার ১১০টি স্থানীয় এলসি খোলা হয়েছে। প্রতিটি এলসির বিপরীতে গড়ে এক হাজার ৫০০ টাকা ব্যয় হিসাব করলে মোট খরচ দাঁড়ায় ৮৬ কোটি ৮৬ লাখ টাকা।
এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়েছে ৭২ লাখ ৪০ হাজার ডলার। বাণিজ্যিক ব্যাংকগুলোর আয় বাদ দিয়ে নিট বৈদেশিক মুদ্রা ব্যয়ের পরিমাণ প্রায় ৬১ লাখ ৫০ হাজার ডলার।
নতুন ব্যবস্থায় স্থানীয় এলসির তথ্য আদান-প্রদানে কোনো মেসেজিং ফি দিতে হবে না। ফলে এ খাতে উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
ব্যবসার খরচ কমানোর আহ্বান
এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, বছরে ৬১ লাখ ডলার সাশ্রয়ের চেয়েও বড় অর্জন হলো নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তোলার আত্মবিশ্বাস। নিজেদের প্রয়োজনীয় ব্যবস্থা নিজেরাই তৈরি করতে পারার উদ্যোগের মূল্য অনেক বেশি।
ভবিষ্যতে আন্তর্জাতিক এলসির ক্ষেত্রেও এ ধরনের ব্যবস্থা চালু করা গেলে আমদানি-রপ্তানি পণ্যের মূল্য ও লেনদেন পর্যবেক্ষণ সহজ হবে। এতে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাজও সহজ হতে পারে।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, স্থানীয় এলসির ক্ষেত্রে প্রতিটিতে এক হাজার ৫০০ টাকা চার্জ পোশাকশিল্পের জন্য বড় ব্যয় ছিল। রপ্তানি আদেশ পাওয়ার পর কারখানাগুলোকে অনেক ছোট অঙ্কের স্থানীয় এলসি খুলতে হয়। কোনো কোনো এলসির পরিমাণ ৭০০, এক হাজার বা এক হাজার ৫০০ ডলার হলেও এলসির সংখ্যা অনেক বেশি।
নতুন ব্যবস্থায় খরচ কমার পাশাপাশি স্বচ্ছতা বাড়বে ও বিরোধ নিষ্পত্তি সহজ হবে। তবে ব্যাংকের এলসি খোলা ও অ্যাকসেপ্টেন্স চার্জ এখনো ব্যবসার বড় খরচ। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ব্যাংকের সঙ্গে দর-কষাকষিতে সুবিধা পান না।
এসব চার্জ সহনীয় পর্যায়ে রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
ডিজিটাল উদ্যোগে সাধারণ মানুষও উপকৃত হবে
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেন, ব্যবসার খরচ কমানো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম অগ্রাধিকার। এর সুফল শুধু ব্যবসায়ী বা ব্যাংকারদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; শেষ পর্যন্ত সাধারণ মানুষ কম দামে পণ্য ও সেবা পাওয়ার মাধ্যমে উপকৃত হবেন।
তিনি বলেন, ব্যবসায়ীদের আর্থিক ব্যয় কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এলে নীতি সুদহার আরও কমানোর সুযোগ তৈরি হতে পারে। এ ছাড়া ব্যবসায়ীদের জন্য ৭ হাজার কোটি টাকার একটি এসডিপি চালু করা হয়েছে, যার মাধ্যমে সুদে ভর্তুকি দেওয়া হচ্ছে।
স্বচ্ছ বিনিময় হার ও ডিজিটাল নথি
বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণে স্বয়ংক্রিয় ও স্বচ্ছ নিলামব্যবস্থা চালুর কাজ চলছে জানিয়ে গভর্নর বলেন, এতে বাজারভিত্তিক বিনিময় হার নির্ধারণ এবং কারসাজির সুযোগ কমবে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে এ ব্যবস্থা চালু হতে পারে।
আন্তর্জাতিক এলসির কাগজপত্র পাঠাতে কুরিয়ার খরচ ও সময় কমানোর জন্য সেগুলো ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নথি পাঠানোর সময় এক থেকে দুই দিনের মধ্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
অনুষ্ঠানে ব্যবসায়ী ও ব্যাংকারদের নতুন ‘বার্তা’ প্ল্যাটফর্ম ব্যবহারের আহ্বান জানান গভর্নর।
//ডিবিটেক/এনপিবি/এমআইএস/এসএমপি//





