ইলেকট্রনিক্স, খেলনা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যে রেকর্ড ব্যয়; দামে এআই দিয়ে তুলনা ও ছাড়ের খোঁজ

ব্ল্যাক ফ্রাইডেতে যুক্তরাষ্ট্রে অনলাইন কেনাকাটা ১৩.১ বিলিয়ন ডলারে পৌঁছেছে

  • ব্ল্যাক ফ্রাইডেতে যুক্তরাষ্ট্রে অনলাইন কেনাকাটা আগের বছরের চেয়ে ১১.১ শতাংশ বেড়ে ১৩.১ বিলিয়ন ডলার।
  • অ্যাডোবি অ্যানালিটিক্সের প্রাথমিক ১২.৯ বিলিয়ন ডলারের পূর্বাভাস ছাড়িয়ে গেছে ব্ল্যাক ফ্রাইডের অনলাইন বিক্রি।
  • ইলেকট্রনিক্স, গেমিং ও খেলনায় বাড়তি ব্যয়ের পাশাপাশি নিত্যপণ্যে ছাড় লুফে নিয়েছেন ক্রেতারা।

ব্ল্যাক ফ্রাইডেতে যুক্তরাষ্ট্রে অনলাইন কেনাকাটা ১৩.১ বিলিয়ন ডলারে পৌঁছেছে
২৮ নভেম্বর, ২০২৬ ২২:৩০  

চলতি বছরের ব্ল্যাক ফ্রাইডেতে যুক্তরাষ্ট্রে অনলাইন কেনাকাটা আগের বছরের তুলনায় ১১.১ শতাংশ বেড়ে মোট ১৩.১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। অ্যাডোবি অ্যানালিটিক্সের বরাত দিয়ে শনিবার (২৮ নভেম্বর, ২০২৬) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

অ্যাডোবি এর আগে ব্ল্যাক ফ্রাইডেতে প্রায় ১২.৯ বিলিয়ন ডলার অনলাইন বিক্রির পূর্বাভাস দিয়েছিল, যা শেষ পর্যন্ত ছাড়িয়ে গেছে। মূল্যস্ফীতি ও জ্বালানির চড়া দামের চাপে থাকা ক্রেতাদের আকৃষ্ট করতে খুচরা বিক্রেতারা পোশাক ও গৃহস্থালি সামগ্রীতে বড় ধরনের ছাড় দিয়েছেন।

অ্যাডোবির প্রতিবেদনে বলা হয়, ব্ল্যাক ফ্রাইডেতে গেমিং, ইলেকট্রনিক্স ও খেলনা খাতে ক্রেতাদের ব্যয় ছিল উল্লেখযোগ্য। পাশাপাশি ঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতার সামগ্রী, পোষা প্রাণীর পণ্য এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সামগ্রীর মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের ছাড়ও কাজে লাগিয়েছেন ক্রেতারা।

এবারের ছুটির মৌসুমে ক্রেতারা বাজেট সামলাতে ছাড়ের ওপর নির্ভর করছেন এবং দাম যাচাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ‘বাই নাউ, পে লেটার’ (BNPL) বা কিস্তিতে কেনার সুবিধাও জনপ্রিয় হয়ে উঠেছে; সাইবার মান্ডেতে এ ব্যবস্থায় ১.০৯ বিলিয়ন ডলারের অনলাইন কেনাকাটা হতে পারে, যা আগের বছরের চেয়ে ৫.৩ শতাংশ বেশি বলে অ্যাডোবির প্রাথমিক পূর্বাভাসে জানানো হয়েছে।

//ডিবিটেক/রয়টার্স/এমআইএসটি/এমএনপি//