শিক্ষায় ডিজিটাল রূপান্তর

যবিপ্রবিতে শিক্ষকদের প্রযুক্তি প্রশিক্ষণ কর্মশালা

  • ডিজিটাল শিক্ষাদানে শিক্ষকদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর উদ্যোগ
  • ক্যাম্পাস নেটওয়ার্ক আধুনিকায়নে কাজ করছে আইসিটি সেল
  • স্মার্ট ক্লাসরুম ও অনলাইন শিক্ষায় হাতে-কলমে প্রশিক্ষণ

যবিপ্রবিতে শিক্ষকদের প্রযুক্তি প্রশিক্ষণ কর্মশালা
২৯ নভেম্বর, ২০২৬ ২০:১২  

উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তর, স্মার্ট ক্লাসরুম ব্যবস্থাপনা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাদান পদ্ধতি সম্প্রসারণে শিক্ষকদের দক্ষতা বাড়াতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ডিজিটাল কনটেন্ট তৈরি, অনলাইন শিক্ষাদানের সরঞ্জাম ব্যবহার এবং আধুনিক প্রযুক্তির কার্যকর প্রয়োগ বিষয়ে শিক্ষকদের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

২৯ নভেম্বর, রবিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের নবম তলার সম্মেলনকক্ষে ‘এমপাওয়ারিং এডুকেটরস থ্রু ডিজিটাল নলেজ এনহ্যান্সমেন্ট’ শীর্ষক এ কর্মশালা শুরু হয়।

হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প এবং বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) যৌথ উদ্যোগে কর্মশালাটির আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা দেয় যবিপ্রবির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) সেল।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, হিট প্রকল্পের এসপিএম এবং বিভিন্ন দপ্তরের প্রধানেরা অংশ নেন।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ড. এ এফ এম শাহাব উদ্দীন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি জানান, সীমিত জনবল ও সম্পদ নিয়েও বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল দ্রুততম সময়ে সহজভাবে সেবা পৌঁছে দিতে কাজ করছে।

তিনি আরও জানান, হিট প্রকল্প ও বিডিরেনের সহযোগিতায় দ্রুতই পুরো ক্যাম্পাসের নেটওয়ার্ক আধুনিকায়ন করা হবে।

ড. এ এফ এম শাহাব উদ্দীন বলেন, “আমরা কেবল ইন্টারনেট সমস্যা সমাধান নয়; বরং বিশ্ববিদ্যালয়ের সার্বিক ডিজিটাল রূপান্তরের সহযোগী হতে চাই।”

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডিরেনের মহাব্যবস্থাপক (জিএম) কেএইচ. রাশেদুল আরেফিন।

এ ছাড়া প্রশিক্ষণের রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বিডিরেনের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) এখলাস উদ্দীন আহমেদ এবং হিট প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিস্ট অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল আলম খানসহ অন্যরা।

তারা ডিজিটাল কনটেন্ট তৈরি, অনলাইন শিক্ষাদানের সরঞ্জাম, স্মার্ট ক্লাসরুম ব্যবস্থাপনা এবং শিক্ষাক্ষেত্রে আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি এসব প্রযুক্তি ব্যবহারে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালাটির মাধ্যমে শিক্ষকদের ডিজিটাল শিক্ষাদান সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিনির্ভর শিক্ষা অবকাঠামো উন্নয়নের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। বিশেষ করে ক্যাম্পাস নেটওয়ার্ক আধুনিকায়ন এবং শিক্ষায় প্রযুক্তির সমন্বিত ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরা হয়।
//ডিবিটেক/এসসি/ডিআরই/এফওইডি//