নরম সিলিকন ও এআইয়ে ভঙ্গুর বস্তু ধরবে; খরচ প্রচলিত প্রযুক্তির চেয়ে ৯৯% কম
হাতির শুঁড়ের অনুপ্রেরণায় স্পর্শকাতর রোবট ‘এলিট্যাক’
- হাতির শুঁড়ের অনুপ্রেরণায় স্পর্শকাতর রোবট ‘এলিট্যাক’ তৈরি করেছেন কিংস কলেজ লন্ডন ও জাইস্টের গবেষকেরা।
- সিলিকনের আবরণ, অভ্যন্তরীণ ক্যামেরা ও এআইয়ে মাত্র ০.২৫ নিউটন বল শনাক্ত করতে সক্ষম রোবটটি।
- সেন্সরযুক্ত নরম ডগায় খরচ মাত্র ৫০ পেনি; প্রচলিত ব্যবস্থার তুলনায় প্রায় ৯৯% সাশ্রয়ী।
মানুষের মতো সূক্ষ্ম স্পর্শ অনুভব করে নরম ও ভঙ্গুর বস্তু সহজে সামলাতে সক্ষম এক নতুন রোবট উদ্ভাবন করেছেন যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন এবং জাপানের জাপান অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (জাইস্ট) গবেষকেরা। হাতির শুঁড়ের গঠন ও স্পর্শ অনুভবের ক্ষমতা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই রোবটের নাম দেওয়া হয়েছে ‘এলিট্যাক’। এটি আঙুরের মতো নরম ফল অক্ষত অবস্থায় সামলানোর পাশাপাশি তাসের মতো পাতলা বস্তুও তুলতে পারে।
গবেষকদের তৈরি রোবটটির শুঁড়ের মতো নরম অংশের ডগায় সংযুক্ত রয়েছে বিশেষ সেন্সর। এর ভেতরে একটি ক্যামেরা এবং বাইরে নরম সিলিকনের আবরণ রাখা হয়েছে। কোনো বস্তুকে স্পর্শ করলে সিলিকনের আবরণে চাপ সৃষ্টি হয় এবং এর আকৃতিতে সামান্য পরিবর্তন ঘটে। ভেতরের ক্যামেরা সেই পরিবর্তন ধারণ করে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তা বিশ্লেষণ করে বস্তুটির আকার, আকৃতি ও ধরার জন্য প্রয়োজনীয় চাপের মাত্রা নির্ধারণ করে।
গবেষকদের দাবি, এই প্রযুক্তির মাধ্যমে রোবটটি কোনো বস্তুকে ক্ষতিগ্রস্ত না করেই নিরাপদে ধরতে সক্ষম। সেন্সরটি মাত্র ০.২৫ নিউটন বলও শনাক্ত করতে পারে, যা প্রায় অর্ধেক চকলেটের ওজনের সমান বলের অনুভূতি পাওয়ার সামর্থ্যের সঙ্গে তুলনীয়।
প্রচলিত রোবট সাধারণত ক্যামেরা বা পূর্বনির্ধারিত নির্দেশনার ওপর নির্ভর করে বস্তু ধরে, ফলে নরম, ভঙ্গুর কিংবা ভিন্ন আকৃতির জিনিস সামলাতে গিয়ে প্রায়ই সমস্যা দেখা দেয়। নতুন এ পদ্ধতিতে স্পর্শের মাধ্যমে তাৎক্ষণিক তথ্য পাওয়ায় সেই সীমাবদ্ধতা কাটানোর সম্ভাবনা তৈরি হয়েছে।
সাশ্রয়ী খরচের দিক থেকেও নতুন নকশাটি উল্লেখযোগ্য। গবেষকদের তথ্য অনুযায়ী, এলিট্যাকের সেন্সরযুক্ত নরম ডগা তৈরি করতে খরচ হয় মাত্র ৫০ পেনি এবং পুরো যন্ত্রটির উৎপাদন খরচ ৭৫ পাউন্ডেরও কম। অথচ প্রচলিত স্পর্শ-সংবেদনশীল রোবটের প্রোটোটাইপ তৈরিতে একাধিক উচ্চক্ষমতার সেন্সর প্রয়োজন হয়, যার খরচ ১০ হাজার পাউন্ড ছাড়িয়ে যেতে পারে। গবেষকদের হিসাবে, নতুন এ নকশাটি একই ধরনের প্রচলিত শিল্পপ্রযুক্তির তুলনায় গড়ে ৯৯ শতাংশ পর্যন্ত সাশ্রয়ী।
কিংস কলেজ লন্ডনের রোবোটিকস ও এআই বিভাগের অধ্যাপক শান লুওর নেতৃত্বে পরিচালিত এ গবেষণায় হাতির শুঁড়ের স্পর্শ অনুভবের বৈশিষ্ট্য কাজে লাগানো হয়েছে। গবেষকদের আশা, ভবিষ্যতে উৎপাদনশিল্প, অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং জীবাশ্ম খননের মতো কাজে এ প্রযুক্তি কার্যকরভাবে ব্যবহার করা যাবে।
//ডিবিটেক/ কেসিএল/ এসএমই/এমআইএসটি//





