পঞ্চবার্ষিক কৌশলগত কাঠামো কর্মশালা শুরু
উন্নয়ন প্রকল্পে চার মানদণ্ড নির্ধারণ ও মিতব্যয়িতার ওপর জোর অর্থমন্ত্রীর
- ‘ফাইভ-ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট’ কর্মশালা উদ্বোধন
- প্রকল্প বাছাইয়ে অর্থের যথাযথ মূল্য, বিনিয়োগের প্রতিদান, পরিবেশ ও কর্মসংস্থানের মানদণ্ড
- নির্বাচনী ইশতেহার ও বিএনপির ৩১ দফা বাস্তবায়নের ওপর গুরুত্ব পরিকল্পনা প্রতিমন্ত্রীর
কৌশলগত পরিকল্পনা জোরদার, উন্নয়নের অগ্রাধিকারগুলোর কার্যকর বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে শুরু হয়েছে ‘ফাইভ-ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এফওয়াইএসএফ: জুলাই ২০২৬–জুন ২০২৩)’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা। ২৯ নভেম্বর রবিবার এই কর্মশালার উদ্বোধন করা হয়।
বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) আয়োজনে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিইডির সদস্য (সচিব) ড. মনজুর হোসেন।
উদ্বোধনী অধিবেশনে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী পাঁচ বছরের দেশের উন্নয়নে পঞ্চবার্ষিক কৌশলগত কাঠামোকে একটি বাস্তবসম্মত রোডম্যাপ ও কৌশলগত দিকনির্দেশনা হিসেবে কাজ করতে হবে। উন্নয়নের অগ্রাধিকারগুলোকে বাস্তবায়নযোগ্য কৌশলে রূপ দেওয়ার গুরুত্ব তুলে ধরে তিনি কার্যকর বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের ভূমিকার কথা উল্লেখ করেন।
অর্থমন্ত্রী বলেন, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রায়ই নানা জটিলতা দেখা দেয়; এ জন্য মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে শক্তিশালী সমন্বয় ও সংযোগ প্রয়োজন। জাতীয় উন্নয়নে সমন্বিত দৃষ্টিভঙ্গি নিশ্চিত করতে পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সব অংশীজনের অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
উন্নয়ন প্রকল্প নির্বাচন ও বাস্তবায়নে চারটি গুরুত্বপূর্ণ মানদণ্ডের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। সেগুলো হলো—অর্থের যথাযথ মূল্য (ভ্যালু ফর মানি), বিনিয়োগের প্রতিদান (রিটার্ন অন ইনভেস্টমেন্ট), পরিবেশগত বিবেচনা এবং কর্মসংস্থান সৃষ্টি। সরকারি সম্পদের দক্ষ ব্যবহার ও নাগরিকদের দৃশ্যমান সুফল নিশ্চিত করতে এসব মানদণ্ডে উন্নয়ন উদ্যোগগুলো মূল্যায়নের ওপর জোর দেন তিনি।
অর্থমন্ত্রী আরও বলেন, উন্নয়ন কর্মসূচিগুলোকে উন্নয়ন সহযোগীদের অগ্রাধিকার ও কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। সরকারি আর্থিক সম্পদের ওপর চাপের কথা উল্লেখ করে তিনি বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনা, সম্পদের দক্ষ ব্যবহার এবং অপ্রয়োজনীয় ব্যয় পরিহারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কোনো উন্নয়ন কর্মসূচি বা প্রকল্প নির্ধারিত লক্ষ্য বা পথ থেকে সরে গেলে সময়মতো সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩১ দফা কর্মসূচির কথা উল্লেখ করে তিনি রাজনৈতিক অঙ্গীকার ও সংস্কারের অগ্রাধিকারগুলোকে সুনির্দিষ্ট উন্নয়ন উদ্যোগে রূপ দেওয়ার ওপর জোর দেন।
প্রতিমন্ত্রী বলেন, বাস্তবায়নই হবে বড় চ্যালেঞ্জ এবং এ জন্য পরিকল্পনা প্রক্রিয়ায় সামঞ্জস্য ও ধারাবাহিকতা জরুরি। কাঙ্ক্ষিত লক্ষ্য কার্যকরভাবে অর্জনের স্বার্থে উন্নয়ন পরিকল্পনাকে সুসমন্বিত, পরস্পর পরিপূরক এবং সরকারের বৃহত্তর সংস্কার রূপরেখার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ওপর গুরুত্ব দেন তিনি।
আয়োজকেরা জানান, ২০২৬ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন মেয়াদের সংস্কার ও উন্নয়নের অগ্রাধিকার বাস্তবায়নে সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে অভিন্ন ধারণা তৈরি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো এবং সমন্বিত উদ্যোগ জোরদারে এ কর্মশালা ভূমিকা রাখবে।
//ডিবিটেক/পিজেডআই/ডিআরই/এফওইডি//





