সি-স্যুট অ্যাওয়ার্ডসে গ্রামীণফোনের সোলায়মান আলম সম্মানিত

চিফ ডিজিটাল অফিসার সম্মাননায় সোলায়মান আলম

  • সি-স্যুট অ্যাওয়ার্ডস পেলেন সোলায়মান আলম
  • দ্বিতীয়বারের মতো অর্জন করলেন ডিজিটাল সম্মাননা
  • গ্রাহককেন্দ্রিক ডিজিটাল উদ্ভাবনে রাখছেন বিশেষ অবদান

চিফ ডিজিটাল অফিসার সম্মাননায় সোলায়মান আলম
২৯ নভেম্বর, ২০২৬ ১৬:৪৮  

ডিজিটাল রূপান্তর ও প্রোডাক্ট উন্নয়নে অসামান্য নেতৃত্ব এবং গ্রাহককেন্দ্রিক প্রযুক্তি উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘চিফ ডিজিটাল/প্রোডাক্ট অফিসার অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হয়েছেন গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘১০ম লিডারশিপ সামিট ২০২৬’-এ এই পুরস্কার প্রদান করা হয়। সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, এ নিয়ে দ্বিতীয়বারের মতো তিনি এই সম্মাননা অর্জন করলেন; এর আগে ২০২১–২২ সালেও তিনি ‘চিফ ডিজিটাল অফিসার অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছিলেন।

টেলিকমিউনিকেশন এবং এফএমসিজি খাতে প্রায় তিন দশকের কাজের অভিজ্ঞতাসম্পন্ন সোলায়মান আলমের প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ডিজিটাল সেবা, বিক্রয়, ব্র্যান্ড ও কমিউনিকেশন, ব্যবসায়িক কৌশল এবং নতুন ব্যবসা সম্প্রসারণসহ বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ দক্ষতা রয়েছে। তার কৌশলগত নেতৃত্ব এবং উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি গ্রামীণফোনের ডিজিটাল সেবাগুলোকে আরও শক্তিশালী করতে এবং গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই স্বীকৃতিটি এই খাতে তার সামগ্রিক অবদানের পাশাপাশি গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনকে এগিয়ে নেওয়া, দায়িত্বশীল ব্যবসায়িক চর্চার প্রসার এবং বাংলাদেশের ডিজিটাল অগ্রগতিতে তার নিরলস প্রচেষ্টারই প্রতিফলন।

পুরস্কার পাওয়ার পর গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম জানান, এই স্বীকৃতি পেয়ে তিনি অত্যন্ত সম্মানিত ও কৃতজ্ঞ এবং তার দীর্ঘ কর্মজীবনে যেসব মেধাবী টিমের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে, এই পুরস্কার তাদের সবার সম্মিলিত প্রচেষ্টারই প্রতিফলন। ডিজিটাল জগত খুব দ্রুত বদলে যাচ্ছে উল্লেখ করে তিনি জানান, তাদের দায়িত্ব হলো প্রতিনিয়ত গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা বোঝা, নতুন কিছু উদ্ভাবন করা এবং এমন সব সমাধান নিয়ে আসা, যা মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও অর্থবহ করে তোলে। গ্রামীণফোনে তারা সব সময় সব কাজের কেন্দ্রে গ্রাহকদের রাখতে, ডিজিটাল সেবাগুলোকে আরও শক্তিশালী করতে এবং বাংলাদেশের জন্য আরও স্মার্ট, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যৎ গড়তে সংকল্পবদ্ধ। এই স্বীকৃতি তাকে প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন এবং মানুষের জীবনে ইতিবাচক ও অর্থবহ পরিবর্তন আনার প্রচেষ্টা অব্যাহত রাখতে আরও অনুপ্রাণিত করবে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস’ সেই সব শীর্ষস্থানীয় করপোরেট লিডারদের সম্মাননা প্রদান করে, যাদের দূরদর্শিতা, নেতৃত্ব এবং কৌশলগত অবদান বিভিন্ন শিল্পখাতে অর্থবহ প্রভাব ফেলে। বাংলাদেশের জন্য আরও নিরাপদ ও স্মার্ট ডিজিটাল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করে যাওয়া গ্রামীণফোনের শক্তিশালী নেতৃত্ব, টেকসই প্রবৃদ্ধি এবং গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনের প্রতি নিরবচ্ছিন্ন অঙ্গীকারেরই প্রতিফলন এই সম্মাননা।

//ডিবিটেক/জিএমআর/এসএমই/এমআইএসটি//