অ্যানিমে ডিজাইনে গিগাবাইটের নতুন এআই মাদারবোর্ড
অ্যানিমে-স্টাইল ডিজাইন ও নেক্সট-জেন প্রযুক্তির সমন্বয়ে নতুন বি৮৫০ অরাস এলিট-পি আইস মাদারবোর্ড উন্মোচন করেছে গিগাবাইট টেকনোলজি। নতুন এই মাদারবোর্ডে এআই-সমৃদ্ধ পারফরম্যান্স, উচ্চগতির কানেক্টিভিটি এবং আধুনিক গেমিং সুবিধা যুক্ত করা হয়েছে বলে ১৯ মে, মঙ্গলবার অবহিত করেছে গিগাবাইট বাংলাদেশ কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটি জানায়, জনপ্রিয় এম-এটিএক্স বি৮৫০ অরাস অ্যারি সিরিজের ধারাবাহিকতায় এবার পূর্ণাঙ্গ এটিএক্স প্ল্যাটফর্মে আনা হয়েছে নতুন মডেলটি। এতে অ্যানিমে-অনুপ্রাণিত ডিজাইনের পাশাপাশি ফ্ল্যাগশিপ-গ্রেড পারফরম্যান্স নিশ্চিত করার দাবি করেছে গিগাবাইট।
নতুন মাদারবোর্ডটি তৈরি করা হয়েছে অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস-এর এএম৫ প্ল্যাটফর্মে। এটি রাইজেন ৯০০০, ৮০০০ ও ৭০০০ সিরিজের প্রসেসর সমর্থন করে।
প্রযুক্তিগতভাবে এতে রয়েছে এক্সথ্রিডি টার্বো মোড, ডিজিটাল টুইন ১৬+২+২ ফেজ ভিআরএম এবং এআই-সমৃদ্ধ ডি৫ বায়োনিক করসা প্রযুক্তি। এর মাধ্যমে ডিডিআর৫ ৮২০০ এমটি/এস পর্যন্ত ওভারক্লকিং সুবিধা পাওয়া যাবে।
কানেক্টিভিটির জন্য এতে যুক্ত করা হয়েছে ৫ জিবিই ল্যান, ওয়াই-ফাই ৭ এবং উচ্চক্ষমতাসম্পন্ন ডিরেকশনাল অ্যান্টেনা। ফলে কম ল্যাটেন্সিতে অনলাইন গেমিং ও দ্রুত ডাটা ট্রান্সফার সম্ভব হবে।
স্টোরেজ সুবিধায় রয়েছে চারটি এম.২ স্লট। এর মধ্যে একটি পিসিআইই ৫.০ ×৪ সমর্থন করে। এতে উচ্চগতির এসএসডি ব্যবহারের মাধ্যমে গেমিং ও ক্রিয়েটিভ কাজের পারফরম্যান্স বাড়ানো যাবে।
ব্যবহারকারীদের সুবিধার জন্য গিগাবাইট এতে ইজি-ল্যাচ প্লাস, এম.২ ইজি-ল্যাচ ক্লিক ২ এবং ওয়াই-ফাই ইজি-প্লাগ প্রযুক্তি যুক্ত করেছে। এসব ফিচারের মাধ্যমে টুল ছাড়াই সহজে পিসিআইই ও এম.২ স্লট সংযোগ বা অপসারণ করা যাবে।
মাদারবোর্ডটির সঙ্গে এক্সক্লুসিভ অ্যারি ডল ব্লাইন্ড বক্স অ্যাকসেসরিও দেওয়া হবে, যা আনবক্সিং অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করবে।
নতুন বি৮৫০ অরাস এলিট-পি আইস মাদারবোর্ডটি কম্পিউটেক্স ২০২৬-এ গিগাবাইটের বুথে প্রদর্শিত হবে। প্রদর্শনী শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই এটি বাজারে পাওয়া যাবে।
ডিবিটেক/এসআর/এমইউএম



