পারমাণবিক বিজ্ঞান ও তরুণ প্রজন্ম
রূপপুর ঘিরে ঈশ্বরদীতে বিজ্ঞান উৎসব শুরু
- প্রথম দিনের আয়োজনে অংশ নেন প্রায় ২৫০ শিক্ষার্থী
- পারমাণবিক প্রকৌশল ও ক্যারিয়ার নিয়ে বিশেষ সেশন
- উৎসব চলবে পাবনা জেলার বিভিন্ন স্থানে
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, পরিচালনা, নিরাপত্তা ও জ্বালানি ব্যবস্থাপনায় বিজ্ঞান ও প্রকৌশলের ভূমিকা সম্পর্কে তরুণ প্রজন্মকে ধারণা দিতে পাবনার ঈশ্বরদীতে শুরু হয়েছে ‘অ্যাটম অ্যান্ড ফ্রেন্ডস’ বিজ্ঞান উৎসব। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রযাত্রা এবং পারমাণবিক প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য প্রকৌশল ও প্রযুক্তিনির্ভর পেশায় ক্যারিয়ার গঠনের সুযোগ সম্পর্কে জানানো হচ্ছে এ আয়োজনে।
২৯ নভেম্বর, রবিবার ঈশ্বরদী সরকারি কলেজে ‘দ্য পিপল বিহাইন্ড রূপপুর’ শীর্ষক বিশেষ ক্যারিয়ার সেশনের মধ্য দিয়ে উৎসবের প্রথম দিনের কার্যক্রম শুরু হয়। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের প্রকৌশল বিভাগ জেএসসি এটমস্ট্রয়এক্সপোর্টের উদ্যোগে আয়োজিত এ উৎসবে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।
প্রথম দিনের আয়োজনে ঈশ্বরদী সরকারি কলেজের প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিশেষ ক্যারিয়ার সেশনে বক্তব্য দেন রাশিয়ার শীর্ষস্থানীয় পারমাণবিক বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় এমইপিএইচআইয়ের সহযোগী অধ্যাপক আলেকজান্ডার নাখাবভ।
তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ, কমিশনিং ও পরিচালনায় প্রয়োজনীয় বিজ্ঞান, প্রকৌশল এবং পেশাগত দক্ষতা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন।
আলোচনা শেষে শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তাব্যবস্থা, পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা, জ্বালানি এবং বিদ্যুৎ উৎপাদন নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের জানাশোনা ও আগ্রহে সন্তোষ প্রকাশ করে আলেকজান্ডার নাখাবভ তাঁদের প্রশংসা করেন। তিনি জানান, শিক্ষার্থীদের প্রশ্নের মধ্য দিয়ে পারমাণবিক বিজ্ঞানের প্রতি তাঁদের গভীর কৌতূহল ও সচেতনতার পরিচয় পাওয়া গেছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজে বাংলাদেশিদের ভূমিকা সম্পর্কে এক প্রশ্নের জবাবে আলেকজান্ডার নাখাবভ জানান, প্রকল্পের প্রাথমিক ভূমি উন্নয়ন থেকে পূর্ণাঙ্গ নির্মাণকাজ পর্যন্ত বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি আরও জানান, নির্মাণকাজের প্রায় পুরোটা বাংলাদেশের শ্রমিকেরাই সম্পন্ন করেছেন। এ কাজে তাঁরা নিজেদের দক্ষতা, শ্রম ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন।
অনুষ্ঠানে এটমস্ট্রয়এক্সপোর্টের বিশেষজ্ঞ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রতিনিধি, পারমাণবিক তথ্যকেন্দ্রের প্রতিনিধি, ঈশ্বরদীর প্রতিনিধিবৃন্দ এবং ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, আগামী দুই দিন পাবনা জেলার বিভিন্ন স্থানে ‘অ্যাটম অ্যান্ড ফ্রেন্ডস’ বিজ্ঞান উৎসবের কার্যক্রম চলবে। তরুণ প্রজন্মের মধ্যে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে আগ্রহ তৈরি এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন দিক তুলে ধরাই এ আয়োজনের উদ্দেশ্য।
//ডিবিটেক/ইআরকেএস/ডিআরই/এফওইডি//





