পাল্টা মামলায় অ্যাপলকে অভিযুক্ত করল ওপেনএআই

পাল্টা মামলায় অ্যাপলকে অভিযুক্ত করল ওপেনএআই
২৯ নভেম্বর, ২০২৬ ১৩:৫২  

বাণিজ্যিক গোপন তথ্য চুরি এবং ভবিষ্যতের ডিভাইস তৈরিতে হার্ডওয়্যার সরবরাহকারীদের নিরুৎসাহিত করার অভিযোগে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। অ্যাপল তাদের কর্মী ভাগিয়ে নিয়ে প্রযুক্তি হাতিয়ে নেওয়ার অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করার পর এই পাল্টা আইনি পদক্ষেপ এল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে এই পাল্টা অভিযোগ দায়ের করে ওপেনএআই। এতে দাবি করা হয়, কর্মীদের ‘আটকে রাখতে’ এবং প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের প্রযুক্তিতে কাজ করা থেকে বিরত রাখতে অ্যাপল তাদের কর্মী ব্যবস্থাপনা নীতি ব্যবহার করছে।

‘নিজেদের ঘরানায়’ প্রতিদ্বন্দ্বিতার শঙ্কা
আদালতে জমা দেওয়া নথিতে ওপেনএআই জানায়, তারা এআই-সক্ষম ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস তৈরি করছে, যা অ্যাপলের নিজস্ব বাজার বা আধিপত্যের জায়গায় বড় প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারে।

ওপেনএআইয়ের দাবি, ছয় মাস ওপেনএআইয়ে কাজ করা এক সাবেক কর্মীকে পুনরায় নিয়োগ দেওয়ার মাধ্যমে অ্যাপল গোপন তথ্য হাতিয়ে নিয়েছে। ওই সময়ে সেই কর্মী নতুন একটি ডিভাইস ও ভবিষ্যতের হার্ডওয়্যার পণ্যের রোডম্যাপ সংক্রান্ত নির্দিষ্ট তথ্য হাতে পেয়েছিলেন। 

ওপেনএআইয়ের ভাষ্য, ‘সময় বিবেচনায় এখন মনে হচ্ছে, ওই নথিপত্র চুরি করাই ছিল শুরুতে তাঁর ওপেনএআইয়ে যোগ দেওয়ার উদ্দেশ্য।’

অ্যাপলের অস্বীকার ও পাল্টা বক্তব্য
পুনরায় নিয়োগ দেওয়া কর্মীর মাধ্যমে ওপেনএআইয়ের গোপন তথ্য নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে অ্যাপল। পাশাপাশি এআই ডিভাইস উৎপাদনে প্রতিযোগিতা দমন করার চেষ্টা করার অভিযোগও নাকচ করেছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার দেওয়া এক বিবৃতিতে অ্যাপল বলেছে, ‘অপেনএআইয়ের এই পাল্টা অভিযোগ মূল মামলার বিষয়বস্তু থেকে দৃষ্টি সরানোর একটি স্পষ্ট চেষ্টা।’ এআই পণ্য তৈরির তীব্র দৌড়ে দক্ষ কর্মী ও নিজস্ব প্রযুক্তির দখল নিয়ে দুই প্রতিষ্ঠানের টানাপোড়েন আরও বেড়েছে।

পুরোনো মামলা ও কর্মী ছাড়ার প্রসঙ্গ
এর আগে গত জুলাইয়ে ওপেনএআই এবং অ্যাপলের সাবেক দুই কর্মী ট্যাং তান ও চ্যাং লিউয়ের বিরুদ্ধে মামলা করে অ্যাপল। ভোক্তা পর্যায়ের হার্ডওয়্যারে ওপেনএআইয়ের প্রবেশকে এগিয়ে নিতে অ্যাপলের বাণিজ্যিক গোপন তথ্য আত্মসাতের অভিযোগ আনা হয় ওই মামলায়। 

অ্যাপলে ২৪ বছর কাজ করা এবং আইফোন ও অ্যাপল ওয়াচের পণ্য নকশা বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট ট্যাং তান এআই ডিভাইস স্টার্টআপ ‘আইও প্রোডাক্টস’ গড়ে তোলার দলের সদস্য ছিলেন; ২০২৫ সালে স্টার্টআপটি অধিগ্রহণ করে ওপেনএআই।

ওপেনএআই ও অভিযুক্ত কর্মীরা এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, অ্যাপলের মামলাটি মূলত চাকরি ছাড়ার পর লিউয়ের ব্যক্তিগত বার্তা অননুমোদিতভাবে পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে দাঁড় করানো হয়েছে।

শুক্রবারের নথিতে ওপেনএআই আরও অভিযোগ করেছে, কর্মীদের ব্যক্তিগত অ্যাপল ডিভাইস ও অ্যাকাউন্টে কাজ করতে উৎসাহিত করে অ্যাপল, কিন্তু অন্য প্রতিষ্ঠানে যাওয়ার সময় ব্যক্তিগত ও দাপ্তরিক অ্যাকাউন্ট আলাদা করার সুশৃঙ্খল সুযোগ দেয় না। চাকরি ছাড়ার পরও সাবেক কর্মীদের ব্যক্তিগত ডিভাইস ও অ্যাকাউন্টে অ্যাপলের প্রবেশাধিকার থাকে বলে দাবি করেছে ওপেনএআই, যার মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানে যাওয়া কর্মীদের ওপর নজরদারি চালানো হয়। 

ওপেনএআইয়ের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ৪০০ কর্মী অ্যাপল ছেড়ে ওপেনএআইয়ে যোগ দিয়েছেন এবং অন্য কর্মীদের অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানে যাওয়া থেকে ভীত করতেই এমন কৌশল নিয়েছে অ্যাপল।

ডিবিটেক/বিএমটি    ।   সূত্র: রয়টার্স