ফের রাজধানীতে ইন্টারনেট প্রতিষ্ঠানের অফিসে গুলি

হাতিরঝিলে ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানের অফিসে দুর্বৃত্তদের গুলি, ল্যাপটপ ক্ষতিগ্রস্ত

  • হাতিরঝিলের রামপুরা অংশে ডিএল নেটওয়ার্ক সার্ভিসের অফিসে গুলি
  • গুলিতে একটি ল্যাপটপ ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি
  • আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা বলে ধারণা পুলিশের

হাতিরঝিলে ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানের অফিসে দুর্বৃত্তদের গুলি, ল্যাপটপ ক্ষতিগ্রস্ত
২৮ নভেম্বর, ২০২৬ ২১:০৫  

রাজধানীর হাতিরঝিল এলাকায় ‘ডিএল নেটওয়ার্ক সার্ভিস’ নামে একটি ইন্টারনেট সেবা প্রদানকারী (আইএসপি) প্রতিষ্ঠানের অফিসে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত পৌনে ৮টার মধ্যে হাতিরঝিলের রামপুরা অংশে এই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও অফিসের একটি ল্যাপটপ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে দুর্বৃত্তরা ডিএল নেটওয়ার্ক সার্ভিসের অফিসে প্রবেশ করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি অফিসের একটি ল্যাপটপ ভেদ করে দেয়ালে গিয়ে লাগে। কী কারণে এই হামলা চালানো হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি এবং পুলিশ ঘটনার কারণ অনুসন্ধান করছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, রাত পৌনে ৮টার দিকে দুর্বৃত্তরা ডিএল নেটওয়ার্কের অফিসে ঢুকে এক রাউন্ড গুলি চালায়। গুলিটি একটি ল্যাপটপের ভেতর দিয়ে দেয়ালে লাগে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই গুলির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।

এর আগে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় হাতিরঝিল থানার ওয়াপদা রোডে ‘স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজি’র কার্যালয়েও গুলির ঘটনা ঘটেছিল। ওই দিন প্রতিষ্ঠানটির কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করেছিল দুর্বৃত্তরা।

//ডিবিটেক/এসসি/ডিআরই/এফওইডি//