ক্ষুদ্র ব্যবসায় সাইবার ঝুঁকি
৮৭ শতাংশ প্রতিষ্ঠানে সাইবার হামলা
- এশিয়া-প্যাসিফিকের ৮৭ শতাংশ প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার।
- গ্রাহক ও কর্মীদের তথ্য চুরিতে বাড়ছে ঝুঁকি।
- নিরাপত্তায় প্রযুক্তি, প্রশিক্ষণ ও বহুমাত্রিক যাচাইকরণ জরুরি।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানের ৮৭ শতাংশ গত এক বছরে অন্তত একটি সাইবার নিরাপত্তা ঘটনার মুখে পড়েছে। এসব হামলায় গ্রাহক ও কর্মীদের ব্যক্তিগত তথ্য চুরি, আর্থিক ক্ষতি, ব্যবসায়িক কার্যক্রমে বিঘ্ন এবং গুরুত্বপূর্ণ তথ্য স্থায়ীভাবে হারানোর ঘটনা ঘটেছে। সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগানো, ম্যালওয়্যার ছড়ানো এবং দূরবর্তী প্রবেশাধিকার ব্যবস্থার অপব্যবহার ছিল হামলার উল্লেখযোগ্য কৌশল। গ্লোবাল সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কির এক বৈশ্বিক জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপে অংশ নেওয়া এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানে কর্মরত আইটি এবং আইটি নিরাপত্তা পেশাজীবীদের ৮৭ শতাংশ গত এক বছরে অন্তত একটি সাইবার নিরাপত্তা ঘটনার কথা জানিয়েছেন। এসব প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়ে চালানো হামলায়। এ ধরনের হামলার শিকার হয়েছে ১০ শতাংশ প্রতিষ্ঠান। এ ছাড়া ব্যাপক পরিসরে ম্যালওয়্যার ছড়ানোর ঘটনায় ৭ শতাংশ এবং বহিরাগতদের দূরবর্তী প্রবেশাধিকার ব্যবস্থার অপব্যবহারে আরও ৭ শতাংশ প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাইবার হামলার ফলে ২৫ শতাংশ প্রতিষ্ঠানের গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে। এ ছাড়া ২৩ শতাংশ প্রতিষ্ঠানের গ্রাহকসেবামূলক কার্যক্রম ব্যাহত হয়েছে। একই হারে প্রতিষ্ঠানগুলোর কর্মীদের তথ্যও চুরি হয়েছে।
আর্থিক ক্ষতির মুখে পড়েছে ২১ শতাংশ প্রতিষ্ঠান। একই হারে প্রতিষ্ঠানগুলো এমন তথ্য হারিয়েছে, যা আর পুনরুদ্ধার করা সম্ভব হয়নি।
জরিপ অনুযায়ী, সাইবার অপরাধীদের প্রধান লক্ষ্য ছিল গ্রাহকদের ব্যক্তিগত তথ্য। ৩৪ শতাংশ ক্ষেত্রে এ ধরনের তথ্যকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ছাড়া ৩১ শতাংশ ক্ষেত্রে প্রতিষ্ঠানের সংবেদনশীল অভ্যন্তরীণ তথ্য এবং ২৭ শতাংশ ক্ষেত্রে কর্মীদের তথ্য লক্ষ্যবস্তু ছিল।
বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি সাইবার ঝুঁকিতে ছিল আইটি নিরাপত্তা বিভাগ। এ বিভাগের ক্ষেত্রে ঝুঁকির হার ৫২ শতাংশ। এরপর রয়েছে আইটি বিভাগ, যেখানে ঝুঁকির হার ৫১ শতাংশ। গ্রাহকসেবা বিভাগে এ হার ২২ শতাংশ এবং অর্থ বিভাগে ২০ শতাংশ।
ক্রমবর্ধমান সাইবার ঝুঁকি মোকাবিলায় প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে। জরিপে ২৪ শতাংশ প্রতিষ্ঠান আইটি নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ, ক্লাউড নিরাপত্তা বাড়ানো এবং তৃতীয় পক্ষের নিরাপত্তাবিধি মেনে চলা নিশ্চিত করার উদ্যোগের কথা জানিয়েছে।
পাশাপাশি ২২ শতাংশ প্রতিষ্ঠান কর্মীদের প্রশিক্ষণ, কম্পিউটার ও অন্যান্য ডিভাইসের নিরাপত্তা জোরদার, পাসওয়ার্ড নীতিমালা সংশোধন এবং মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) চালুর কথা জানিয়েছে।
ক্যাসপারস্কির ইউনিফায়েড প্ল্যাটফর্ম প্রোডাক্ট লাইন বিভাগের প্রধান ইলিয়া মার্কেলভ জানান, বড় প্রতিষ্ঠানে আলোচিত সাইবার হামলার তুলনায় ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ ধরনের ঘটনার পরিণতি অনেক বেশি ভয়াবহ হতে পারে। সীমিত সম্পদ নিয়ে পরিচালিত এসব প্রতিষ্ঠানের জন্য একটি সাইবার হামলা কখনো কখনো ব্যবসার অস্তিত্ব টিকিয়ে রাখাকেই কঠিন করে তুলতে পারে।
তিনি জানান, বিভিন্ন ধরনের সাইবার হুমকি, পরিচালনাগত সীমাবদ্ধতা এবং ব্যবসা সম্প্রসারণের লক্ষ্য বিবেচনায় ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের জন্য সহজে সম্প্রসারণযোগ্য এবং প্রয়োজন অনুযায়ী তৈরি নিরাপত্তাব্যবস্থা জরুরি।
মার্কেলভের মতে, এ ধরনের প্রতিষ্ঠানের জন্য ক্যাসপারস্কির অন্যতম প্রধান সমাধান ক্যাসপারস্কি নেক্সট অপটিমাম। এটি ক্রমবর্ধমান ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষজ্ঞ সহায়তাসম্পন্ন ও নমনীয় নিরাপত্তাব্যবস্থা সহজলভ্য করে। নতুন কাস্টমাইজযোগ্য নিরাপত্তা মডিউল যুক্ত করার মাধ্যমে ব্যবহারকারীরা মূল পণ্যের সক্ষমতা আরও বাড়াতে পারবেন। একই সঙ্গে প্রয়োজন ও চ্যালেঞ্জের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করতে পারবেন।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ক্যাসপারস্কির ব্যবস্থাপনা পরিচালক অ্যাড্রিয়ান হিয়া জানান, প্রতিষ্ঠানটির গবেষণায় এ অঞ্চলের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সামনে ক্রমবর্ধমান জটিল ও বৈচিত্র্যময় সাইবার হুমকির চিত্র উঠে এসেছে। এটি সাইবার হামলা মোকাবিলায় প্রতিষ্ঠানের সক্ষমতা বা সাইবার রেজিলিয়েন্স গড়ে তোলার গুরুত্ব আরও স্পষ্ট করেছে।
তিনি জানান, বাজারভেদে হামলার ধরন ও ঝুঁকি আলাদা হতে পারে। সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগানো, ফিশিং কিংবা ব্যাপক পরিসরে ম্যালওয়্যার ছড়ানোর মতো বিভিন্ন পদ্ধতিতে হামলা চালানো হচ্ছে। তবে এসব হামলার প্রভাব পুরো ব্যবসায় পড়তে পারে।
অ্যাড্রিয়ান হিয়ার মতে, একটি সাইবার হামলাতেই সংবেদনশীল তথ্য বেহাত হতে পারে, দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হতে পারে এবং গ্রাহকদের আস্থা নষ্ট হতে পারে। তাই সাইবার নিরাপত্তা শুধু আইটি বিভাগের দায়িত্ব নয়। এসব ঝুঁকি মোকাবিলায় উপযুক্ত প্রযুক্তি, কর্মীদের নিরাপত্তা সচেতনতা এবং প্রতিষ্ঠানের প্রতিটি কাজের অংশ হিসেবে নিয়মিত সাইবার নিরাপত্তা চর্চা প্রয়োজন।
সাইবার হুমকি প্রতিরোধ ও মোকাবিলায় ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে ক্যাসপারস্কি নেক্সট অপটিমাম এবং স্মল অফিস সিকিউরিটি প্রিমিয়ামের মতো উপযোগী নিরাপত্তা সমাধান ব্যবহারের পরামর্শ দিয়েছে ক্যাসপারস্কি।
পাশাপাশি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কয়েকটি নিরাপত্তামূলক পদক্ষেপের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের বিভিন্ন সিস্টেমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ, প্রতিদিন তথ্যের ব্যাকআপ রাখা, সফটওয়্যার ব্যবহারের আগে অনুমোদন নিশ্চিত করা এবং কর্মীদের নিয়মিত সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ দেওয়া।
ক্যাসপারস্কির মতে, এসব পদক্ষেপ প্রতিষ্ঠানের তথ্য ও ডিজিটাল অবকাঠামো সুরক্ষিত রাখার পাশাপাশি কর্মীদের অসতর্কতাজনিত নিরাপত্তাঝুঁকিও কমাতে সহায়তা করবে।
//ডিবিটেক/এসসি/ডিআরই/এফওইডি//





