প্রথমবারের মতো মহাকাশে ফসল ফলানোর চেষ্টায় নাসা
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) প্রথমবারের মতো নতুন ধরনের একটি মহাকাশ ফসল উৎপাদন ব্যবস্থা পাঠাতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ‘ওহালো থ্রি’ নামের এই ব্যবস্থার প্রোটোটাইপ ভবিষ্যতে চাঁদ ও মঙ্গল অভিযানে নির্ভরযোগ্য খাদ্য উৎপাদনের কৌশল তৈরিতে সহায়ক হবে বলে মনে করছে সংস্থাটি।
মহাকাশচারীরা দীর্ঘদিন ধরেই আইএসএসে গাছপালা জন্মানোর পরীক্ষা চালাচ্ছেন, তবে ২০১৯ সাল থেকে কেনেডি স্পেস সেন্টারে তৈরি হওয়া ‘ওহালো থ্রি’ তুলনামূলক বড় ও নতুন ঘরানার একটি ব্যবস্থা। নর্থরপ গ্রুম্যানের ২৫তম কার্গো সরবরাহ মিশনের মাধ্যমে এটি মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে।
কেন মহাকাশে ফসল ফলানো জরুরি?
মানুষকে মহাকাশে আরও গভীরে ও দীর্ঘ সময়ের অভিযানে পাঠাতে চাইলে খাদ্যের বিকল্প উৎস তৈরি করা জরুরি।
নাসার মতে, গন্তব্যে পৌঁছাতে যদি কয়েক মাস বা কয়েক বছর সময় লাগে, তবে সীমিত জায়গা এবং সরবরাহের সুযোগ না থাকায় প্রয়োজনীয় রসদ সঙ্গে নেওয়া কঠিন হয়ে পড়ে। তাই চাঁদ, মঙ্গল বা আরও দূরের অভিযানের জন্য পৃথিবীর বাইরে টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিচ্ছে সংস্থাটি।
চাঁদ-মঙ্গল অভিযানের পাশাপাশি পৃথিবীতেও সুফল
ভবিষ্যতের লুনার বেস বা চাঁদের আবাসস্থল এবং মঙ্গল অভিযানের জন্য ‘নিরাপদ, পুষ্টিকর ও নির্ভরযোগ্য’ ফসল উৎপাদনের কৌশল তৈরিতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে ওহালো থ্রি। আইএসএসে চালানো পরীক্ষায় এর পানি সরবরাহ ব্যবস্থা এবং জায়গার সর্বোচ্চ ব্যবহার বা ভলিউম অপটিমাইজেশন প্রযুক্তি যাচাই করবেন বিজ্ঞানী ও মহাকাশচারীরা।
এই ব্যবস্থায় ‘মাল্টি-ক্রপিং’ সুবিধা রয়েছে, অর্থাৎ একই উৎপাদন কাঠামোর ভেতরে একসাথে বিভিন্ন ধরনের গাছ বা ফসল ফলানো সম্ভব। মহাকাশে খাদ্য উৎপাদনের জ্ঞান বাড়ানোর পাশাপাশি ওহালো থ্রি থেকে পাওয়া অভিজ্ঞতা পৃথিবীর ভার্টিক্যাল ফার্মিং ও ইনডোর কৃষি ব্যবস্থাতেও কাজে লাগানো যাবে বলে জানিয়েছে নাসা।
উদ্ভিদ জন্মানোর এই সরঞ্জাম বহনকারী নর্থরপ গ্রুম্যানের ২৫তম সরবরাহ মিশনটি ২৯ নভেম্বর স্থানীয় সময় সকাল ১০টা ৪৭ মিনিটে (ইস্টার্ন টাইম) উৎক্ষেপণের সময়সূচি নির্ধারিত রয়েছে। নাসার ওয়েবসাইটে এই উৎক্ষেপণ সরাসরি দেখা যাবে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট





