ফিল্ড ওয়ার্কে গিয়ে হামলার শিকার শিক্ষক-শিক্ষার্থীরা
মুকসুদপুরে শাবিপ্রবির গাড়িতে হামলা, আহত ২
- কুয়াকাটায় যাওয়ার পথে গাড়ি আটকে হামলা
- মাইক্রোবাস ভাঙচুর, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক
- আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে
কুয়াকাটায় ফিল্ড ওয়ার্কে যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে চালকসহ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একজনের মাথায় আঘাত লেগেছে এবং অন্যজনের পিঠে ভাঙা কাচ ঢুকে গেছে।
রবিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ছাগলছিরা এলাকায় এ ঘটনা ঘটে। কুয়াকাটার উদ্দেশে ফিল্ড ওয়ার্কে যাওয়ার সময় শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী গাড়িগুলো সেখানে পৌঁছালে আটকে দেওয়া হয়।
ফিল্ড ওয়ার্কে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গাড়িগুলো আটকে দেওয়ার পর শিক্ষক-শিক্ষার্থীরা স্থানীয় একটি হাইওয়ে হোটেলে অবস্থান নেন। দিনভর সেখানে আটকে থাকা অবস্থা থেকে বের হওয়ার উপায় নিয়ে আলোচনা করেন তারা।
শিক্ষার্থীদের ভাষ্য, আলোচনার একপর্যায়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের উদ্দেশে ‘সিলেটের যারা আছেন, বের হয়ে যান’ বলে মন্তব্য করেন। পরে একধরনের চাপের মধ্যে তারা সেখান থেকে রওনা দেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে আমরাও উদ্বিগ্ন। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি, যাতে তাদের নিরাপদে ফিরিয়ে আনা যায়। পুলিশি নিরাপত্তায় তাদের পদ্মা সেতু পার করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে সারাদিন তা সম্ভব হয়নি। এখন সবার সঙ্গে যোগাযোগ করে তাদের নিরাপদে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। আধা ঘণ্টার মধ্যেই তারা রওনা দেবেন।’
আহতদের বিষয়ে প্রক্টর বলেন, ‘আমাদের সহকর্মীরা জানিয়েছেন, দুজন আহত হয়েছেন। একজনের মাথায় আঘাত লেগেছে, আরেকজনের পিঠে ভাঙা কাচ ঢুকেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার প্রয়োজন হলে ঢাকায় পাঠানো হবে।’
প্রক্টর আরও জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বিষয়ে সেখানকার পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করছেন। শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
//ডিবিটেক/বিএসসি/ডিআরই/এফওইড//





