নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করল বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব

নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করল বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব
১৬ মে, ২০২৬ ১৪:১৭  

নেপালের বাজারে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করেছে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব। এ লক্ষ্যে দেশটির শীর্ষ বিপণন ও যোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান ‘আউটরিচ’-এর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

শনিবার নেপালের হিমালয় হোটেলে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এ সময় আউটরিচের প্রতিষ্ঠাতা ও স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিরেক্টর উজয়া শাক্য এবং স্মার্ট ল্যাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় স্মার্ট ল্যাব নেপালের বাজারে উন্নত আইটি সলিউশন, সিস্টেম ইন্টিগ্রেশন এবং ক্লাউড পরিষেবা প্রদান করবে।

স্মার্ট ল্যাবের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াদ হাসনাইন বলেন, বিদেশে আইটি সেবা রপ্তানির মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশে রেমিট্যান্স আনছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে ভূমিকা রাখছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড ও চীনসহ ১৫টি দেশের সঙ্গে কাজ করার ধারাবাহিকতায় এবার নেপালে কার্যক্রম সম্প্রসারণ করা হলো।

স্মার্ট ল্যাব সিস্টেম ইন্টিগ্রেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, আইটি অপারেশন ম্যানেজমেন্ট এবং মেসেজিং সলিউশন নিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটি স্মার্ট ভয়েস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে ৫০টিরও বেশি করপোরেট ও ব্যাংকিং খাতে সেবা দিচ্ছে।

অন্যদিকে, আউটরিচ নেপাল ২০০৩ সাল থেকে দেশটির বিজ্ঞাপন ও বিপণন খাতে কাজ করছে এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন স্বীকৃতি অর্জন করেছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশ ও নেপালের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা এবং আঞ্চলিক ডিজিটাল সংযোগ আরও শক্তিশালী হবে।

ডিবিটে/এমএস/ইকে