বিসিসি’র নামে ভুয়া ট্রেনিং ও জালিয়াতির চক্রান্ত: সতর্কবার্তা জারি
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন)-এর নাম ও ভুয়া স্মারক ব্যবহার করে টাকা হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে একটি প্রতারক চক্র। জালিয়াতির মাধ্যমে 'কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন' কোর্সের ভুয়া চিঠি ছড়ানোর বিষয়টি নজরে আসার পর বিসিসি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে সতর্ক করেছে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন)-এর নাম ও পদবি ব্যবহার করে ভুয়া প্রশিক্ষণ কর্মসূচি এবং জাল কাগজপত্রের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে একটি প্রতারক চক্র
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্র "তথ্য প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের নগর এবং গ্রামের জীবনযাত্রার আধুনিকীকরণ” শীর্ষক এক ভুয়া প্রকল্পের নামে প্রশিক্ষণ সংক্রান্ত চিঠি, নোটিশ ও জাল কাগজপত্র ছড়িয়ে দিচ্ছে
প্রতারক চক্রটির ছড়ানো জাল চিঠিতে দেখা যায়, গত ২৮ জুন ২০২৬ তারিখে পরিচালক মোঃ মাহবুব করিমের স্বাক্ষরে ‘কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন প্রশিক্ষণ কোর্স পরিচালনা’ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে
এ বিষয়ে বিসিসি সুস্পষ্টভাবে জানিয়েছে, বিসিসি কর্তৃক পরিচালিত সকল প্রশিক্ষণ কার্যক্রম ও সংশ্লিষ্ট আর্থিক লেনদেন সম্পূর্ণ নির্ধারিত ও অনুমোদিত অফিশিয়াল প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়
সংস্থাটি অননুমোদিত কোনো কার্যক্রম বা ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিনীত অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে স্পষ্ট করে দেওয়া হয়েছে, কোনো অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে কোনো ধরনের আর্থিক লেনদেন করা হলে তার কোনো দায়ভার বিসিসি বহন করবে না।
//ডিবিটেক/জেইউআই/এসএমই//





