ব্যাংক ও ফিনটেক প্রতিষ্ঠানে সাইবার সতর্কতা জারি
দেশের ডিজিটাল আর্থিক অবকাঠামোতে সাইবার হামলার শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সেজন্য ৩০ জুলাই, বুধবার আগাম সতর্কবার্তা জারি করে সবগুলো তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার্স, অপারেটর্স ও ই-পেমেন্ট গেটওয়েগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধাননির্বাহীদের চিঠি দেয়া হয়েছে।
বাংলাদেশে ব্যাংকের আইসিটি বিভাগের অতিরিক্ত পরিচালক এস এম তোফায়েল আহমদ স্বাক্ষরিত চিঠিতে আগাম সতর্কতা হিসেবে ১৫টি নির্দেশনা দেয়া হয়েছে।
ঝুঁকি মোকাবেলার পূর্বপ্রস্তুতি হিসেবে সার্ভার, ডেটাবেইস ও সিস্টেমগুলোর প্যাচ আপডেট করা, অপ্রয়োজনীয় পোর্ট বন্ধ রাখা, ডাটা ব্যাকআপ ও রিস্টোর করা এবং ডেটার এনক্রিপশন নিশ্চিত করার কথা বলা হয়েছে।
আন্তঃ ঝুঁকি মোকাবেলার সব ধরনের প্রযুক্তিগত রক্ষাকবচ নেয়ার পাশাপাশি সিস্টেমে সন্দেহভাজন লগইন, যে কোনো অননুমোদিত ফাইল/ডেটা পরিবর্তন এবং এক্সটার্নাল সংযোগ বিশেষ মনিটরিংয়ে রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। একইসঙ্গে যে কোনো সাইবার আক্রমণের ইন্ডিকেটর কমপ্রমাইজ করতে দেখা গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে বলা হয়েছে।







