অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ৬ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৯
রাজধানীর উত্তরা ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে ছয় চীনা নাগরিকসহ নয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাদের বিরুদ্ধে অনলাইন জুয়া পরিচালনা, প্রতারণা, অবৈধ ই-ট্রানজেকশন এবং বিদেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে।
১৪ মে, বৃহস্পতিবার মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, বুধবার (১৩ মে) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—এম এ জি (৩৩), ঝাং জিয়াহাও (২২), লিও জিনজি (৩২), ওয়াং শিবো (২৪), চাং তিয়ানতিয়ান (২৯), জেমস ঝু (৪৩), মো. কাউসার হোসেন (২৪), মো. আবদুল করিম (২৮) ও রোকন উদ্দিন (৪০)।
ডিবি জানায়, নিয়মিত সাইবার মনিটরিংয়ের সময় ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম গ্রুপ এবং বিভিন্ন ভুয়া ওয়েবসাইটে অনলাইন জুয়ার বিজ্ঞাপন ও ডিপোজিট বোনাসের মাধ্যমে প্রতারণার তথ্য পাওয়া যায়। একই সঙ্গে একাধিক মোবাইল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অবৈধ আর্থিক লেনদেনের বিষয়ও শনাক্ত করা হয়। এসব ওয়েবসাইটে অল্প সময়ে দ্বিগুণ বা তিনগুণ লাভের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলা হচ্ছিল বলে জানায় ডিবি।
উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে কাউসার, করিম ও রোকনকে গ্রেপ্তার করা হয়। একই দিন সকালে তুরাগ থানার রূপায়ণ হাউজিং এস্টেট এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছয় চীনা নাগরিককে আটক করা হয়।
অভিযানে বিভিন্ন ধরনের প্রযুক্তি সরঞ্জাম জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৬৪-পোর্ট বিশিষ্ট তিনটি জিএসএম ও জিপিআরএস সিম মডিউল (ভিওআইপি জিএসএম গেটওয়ে) মেশিন, আট-পোর্টের একটি এবং ২৫৬-পোর্টের একটি জিএসএম মডিউল মেশিন। এছাড়া বিভিন্ন মোবাইল অপারেটরের প্রায় ২৮০টি সিম কার্ড, একাধিক ল্যাপটপ, ২০টি স্মার্টফোন, নগদ প্রায় ৬ লাখ ৫ হাজার টাকা, বিদেশি নাগরিকদের পাসপোর্ট ও এনআইডি এবং একটি টয়োটা মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
ডিবি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা সংঘবদ্ধভাবে অনলাইন জুয়া ও অর্থপাচার চক্র পরিচালনার কথা স্বীকার করেছেন। তারা নিজেদের জুয়ার পোর্টাল পরিচালনার পাশাপাশি কোটি কোটি টাকা বিদেশে, বিশেষ করে চীনে পাচার করছিল বলে তথ্য পাওয়া গেছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রমনা থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ডিবিটেক/আরবি/ইকে



