বৈজ্ঞানিক উদ্ভাবনে সমস্যা সমাধানের আহ্বান ডা. জুবাইদা রহমানের

 বৈজ্ঞানিক উদ্ভাবনের মাধ্যমে দেশের সমস্যা সমাধানের আহ্বান ডা. জুবাইদা রহমানের। ঢাবিতে জেডআরএফ-এর মাসব্যাপী বৃক্ষরোপণ ও বিজ্ঞান মেলার উদ্বোধন।

বৈজ্ঞানিক উদ্ভাবনে সমস্যা সমাধানের আহ্বান ডা. জুবাইদা রহমানের
১০ জুন, ২০২৬ ১৪:৩৮  

যুগোপযোগী বৈজ্ঞানিক উদ্ভাবনের মাধ্যমে দেশের সমসাময়িক নানা সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান।

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১০ জুন, বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কার্জন হল প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করে জেডআরএফ আয়োজিত “মাসব্যাপী বৃক্ষরোপণ” কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান। 

কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়েও একযোগে এই বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হয়।

কার্জন হলের আনুষ্ঠানিকতা শেষে ডা. জুবাইদা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারিতে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে– বিজ্ঞান মেলা-২০২৬’ এর গ্র্যান্ড ওপেনিং ঘোষণা করেন।

উদ্বোধনী বক্তব্যে গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, বৃক্ষরোপণকে কেবল প্রচলিত বা গতানুগতিক কোনো আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে দেখলে চলবে না; বরং সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের একটি ‘সবুজ বিপ্লবে’ রূপান্তর করতে হবে। 

বিজ্ঞান মেলার উদ্বোধনকালে নতুন প্রজন্মের মেধার ওপর আস্থা প্রকাশ করে ডা. জুবাইদা রহমান উল্লেখ করেন, চিকিৎসাবিদ্যা, উদ্ভিদবিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন ও তথ্যপ্রযুক্তিসহ বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে বৈজ্ঞানিক উদ্ভাবন এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমেই দেশের জটিল সমস্যাগুলোর সমাধান সম্ভব।

তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, দেশের শিক্ষক ও শিক্ষার্থীরাই পারেন বিভিন্ন সংকটের বৈজ্ঞানিক ও বাস্তবমুখী সমাধান উদ্ভাবন করতে, যার নতুন নতুন আবিষ্কারের মধ্য দিয়েই সাধারণ মানুষের কষ্ট লাঘব হবে এবং একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার পথ সুগম হবে।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে তিনি ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ প্রতিযোগিতার সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে এবং এই কর্মসূচির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমানের দক্ষ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ডা. মোস্তফা আজিজ সুমন এবং কৃষিবিদ বয়জার রহমান।

এছাড়া আন্তর্জাতিক মানের এই আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক ড. আব্দুস সালাম, অধ্যাপক আল মোজাদ্দেদী আলফে ছানী, জেডআরএফ‘র পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, কৃষিবিদ শফিউল আলম দিদার, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজীসহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং বিপুল সংখ্যক বিজ্ঞানমনস্ক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
**নিউজ সামারি:** জেডআরএফ-এর ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিম গাছের চারা রোপণ করে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি এবং 'ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে- বিজ্ঞান মেলা ২০২৬'-এর উদ্বোধন করেছেন।

তিনি জলবায়ু সংকট মোকাবিলায় 'সবুজ বিপ্লব' এবং শিক্ষক-শিক্ষার্থীদের বৈজ্ঞানিক ও বাস্তবমুখী আবিষ্কারের মাধ্যমে দেশের সমসাময়িক সমস্যা সমাধানের আহ্বান জানান। একই দিনে ঢাবিসহ শেরেবাংলা ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়েও একযোগে এই কর্মসূচি শুরু হয়।

//ডিবিটেক/এসআর/ইকে//