শাবিপ্রবি শিক্ষার্থীদের হল থেকে বের করে দেয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন

শাবিপ্রবি শিক্ষার্থীদের হল থেকে বের করে দেয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন
১২ মে, ২০২৬ ১৮:৪৭  
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে শিক্ষার্থীদের ‘জোরপূর্বক’ বের করে দেওয়ার অভিযোগে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১২ মে, মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদিরের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, ভৌত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরীকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মোখলেসুর রহমান, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, শাহপরান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ইফতেখার আহমদ এবং ফাতিমা-তুজ-জাহরা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ইসমত আরা।
এর আগে, ৭ মে শাবিপ্রবি শাখা ছাত্রদলের নেতারা ২০২৪ সালের ২৬ আগস্ট আবাসিক হল থেকে শিক্ষার্থীদের জোরপূর্বক বের করে দেওয়ার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। একই সঙ্গে তারা ৪৮ কর্মঘণ্টার মধ্যে প্রশাসনের কাছে তদন্ত কমিটি গঠনের দাবি জানান।
এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরি বলেন, ‘এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমি চিঠি হাতে পেয়েছি।’
ডিবিটেক/এসআই/এমইউএম