বুয়েট ও ডুয়েটসহ চার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

বুয়েট ও ডুয়েটসহ চার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
১৪ মে, ২০২৬ ১৮:২৩  

:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (ডুয়েট) দেশের গুরুত্বপূর্ণ চারটি বিশেষায়িত প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। ১৪ মে, বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরিবর্তনের অংশ হিসেবে এই নিয়োগের আদেশ জারি করা হয়। নতুন নিয়োগপ্রাপ্তরা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে পরবর্তী চার বছর দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন পুরকৌশল বিভাগের অধ্যাপক একরামুল হক।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য পদের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইকবাল। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বর্তমানে সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্বে রয়েছেন।

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম রব্বানী এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আবুল হাসনাত মোহা. শামীম।

এছাড়া রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক জয়নুল আবেদীন সিদ্দিকী এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞ ও কারিগরি দক্ষতাসম্পন্ন শিক্ষকদের প্রশাসনিক নেতৃত্বে নিয়ে আসার অংশ হিসেবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক মো. মামুন অর রশিদকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসেনকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারের এই আদেশে উল্লেখ করা হয়েছে, আচার্য ও রাষ্ট্রপতি প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন এবং উপাচার্যদের সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসনিক গতিশীলতা ও গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করতেই জ্যেষ্ঠ এই শিক্ষাবিদদের নিয়োগ দেওয়া হয়েছে।

ডিবিটেক/পিএ/ইকে